বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৯:৪০, ১২ নভেম্বর ২০২৬

নিরাপত্তা দিতে না পারলে দায়িত্ব ছাড়ার আহ্বান নুসরাতের

নিরাপত্তা দিতে না পারলে দায়িত্ব ছাড়ার আহ্বান নুসরাতের
ছবিঃ সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম নিজের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলার ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন করেন তিনি।

সংবাদ সম্মেলনে নুসরাত তাবাসসুম বলেন, ঘটনাটি দেখতে একেবারেই পেট্রোল বোমা হামলার মতো। হামলার পেছনে আওয়ামী লীগ আছে বলে ব্যক্তিগতভাবে মনে করেন তিনি।

তিনি বলেন, দাবি-দাওয়া নিয়ে রাজপথে আগেও ছিলাম, পরবর্তী সময়েও থাকব। এ ধরনের হামলা দিয়ে আমাদের দমিয়ে রাখা যাবে না।

নুসরাত তাবাসসুম জানান, গত ২৮ অক্টোবর রাতে একটি স্প্যাম নম্বর থেকে তার কাছে হুমকি কল আসে। এর আগে-পরে আরও কয়েকটি হুমকি কল পান। গত মঙ্গলবার পুরো ঘটনা বর্ণনা করে ঢাকার কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। সেই জিডির পরেও তার কাছে বেশ কিছু হুমকি এসেছে।

তিনি বলেন, হামলাটি যখন হয় তার তিন ঘণ্টা আগে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের পলাতক সভাপতির ফেসবুক আইডি থেকে একটি সতর্কতামূলক পোস্ট দেওয়া হয়, অর্থাৎ একটি হুমকি পোস্ট দেওয়া হয়। আপনারা জানেন যে এ ধরনের হুমকিকে আমরা কখনোই গায়ে মাখিনি। যদি গায়ে মাখতাম, তাহলে আজকে আমরা যে জায়গায় আছি, সেখানে থাকতাম না।

স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে নুসরাত বলেন, বাংলাদেশের সম্মানিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি রয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন সাহেব, তিনি জানাবেন যে এই ধরনের ঘটনাতে রাষ্ট্র আসলে কতটুকু কী দায়িত্ব নিতে পারে।

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা এবং আওয়ামী লীগের সঙ্গে এ ঘটনার সম্পর্ক নিয়ে প্রশ্নের জবাবে নুসরাত বলেন, আমি কিছুই বলছি না। আমি শুধু এটা বলছি যে এই ঘটনার পূর্বে আওয়ামী লীগের নেতৃবৃন্দের কাছ থেকে, পলাতক সন্ত্রাসীদের কাছ থেকে হুমকি পেয়েছি এবং পরবর্তীতে তারা দায় স্বীকার করে বিভিন্ন ফেসবুক পোস্ট দিচ্ছে, উল্লাস করছে। হতে পারে নেহাত ক্রেডিটবাজি, কিন্তু তারা উল্লাস করছে। আমি সেটুকু শুধু জনগণকে জানাতে চাই।

জনপ্রিয়