লকআপে কেক কাটেন জিয়াউল আহসান
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ট্রাইব্যুনালের হাজতখানায় কেক কাটেন বলে অভিযোগ এসেছে। আরও অভিযোগ এসেছে টিফিন ক্যারিয়ারে ভাত এনে তিনি সবাইকে নিয়ে খান।
ট্রাইব্যুনালের নিজ দপ্তরে বুধবার আমিনুল ইসলাম সাংবাদিকদের এ কথা বলেন।
চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, হাতকড়া দেওয়ার কারণ হচ্ছে তাঁদের কাছে তথ্য এসেছে জিয়াউল আহসান যেকোনো একটা স্যাবোটাজের ঘটনা ঘটাতে পারেন। লকআপে (হাজতখানায়) থাকা অবস্থায় তিনি নিয়ম-শৃঙ্খলা মানেন না। জিয়াউল সেখানে কেক কাটেন বলেও তাঁদের কাছে অভিযোগ এসেছে। তিনি টিফিন ক্যারিয়ারে ভাত এনে সবাইকে নিয়ে খান—এ রকম অভিযোগও এসেছে।
জিয়াউল আহসানের বোন ও তাঁর আইনজীবী নাজনীন নাহারের বিরুদ্ধে পুলিশের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ আছে বলেও উল্লেখ করেন চিফ প্রসিকিউটর। তিনি বলেন, এসব অভিযোগ যখন তাঁদের কাছে এসেছে, তখন ট্রাইব্যুনালের নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে বিষয়টি রেজিস্ট্রার জেনারেলকে অবহিত করেছেন তাঁরা। সংশ্লিষ্ট রেজিস্ট্রারসহ প্রসিকিউশন দপ্তরের পক্ষ থেকে তাঁরা উদ্যোগ নিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনালের নিরাপত্তা বাড়ানো হয়েছে।



























