বুধবার ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রাহায়ণ ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১০:২০, ১৭ নভেম্বর ২০২৬

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা: হাইকোর্টের রায় আজ

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা: হাইকোর্টের রায় আজ
ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের রায় ঘোষণা করা হবে আজ মঙ্গলবার। নিম্ন আদালতে মাত্র ১৯ দিনে বিচার শেষ করে দুই আসামিকে মৃত্যুদণ্ড দেওয়ার পর এবার মামলাটির চূড়ান্ত নিষ্পত্তি হতে যাচ্ছে উচ্চ আদালতে। দ্রুত তদন্ত, সাক্ষ্যগ্রহণ ও বিচারিক কার্যক্রমের মধ্য দিয়ে মামলাটি দেশের বিচার বিভাগের ইতিহাসে বিরল দৃষ্টান্ত হয়ে উঠেছে।

রাজধানীর পল্লবীতে প্রতিবেশীর ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছিল সাত বছর বয়সী শিশু রামিসার খণ্ডিত মরদেহ। প্রতিবেশী সোহেল রানা তার স্ত্রী স্বপ্না আক্তারের সহযোগিতায় শিশুটিকে ধর্ষণের পর গলাকেটে হত্যা করেন। পরে হত্যার ঘটনা আড়াল করতে জানালার গ্রিল কেটে পালিয়ে যান সোহেল। পাশের ফ্ল্যাটে থাকা রামিসার মা পারভীন আক্তার শিশুটির আর্তনাদ শুনলেও তখন বুঝতে পারেননি, সেই আর্তনাদ ছিল তাঁর নিজের সন্তানের।

নৃশংস এই হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে দেশজুড়ে ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোচ্চার হন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ঘটনার পরদিন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় ধর্ষণ ও হত্যার অভিযোগে মামলা করেন।

মামলার তদন্তে প্রথমে সহযোগী আসামি স্বপ্না আক্তারকে আটক করে পুলিশ। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেপ্তার করা হয় প্রধান আসামি সোহেল রানাকে। গ্রেপ্তারের পর ২১ মে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি।

ঘটনার পর দ্রুত তদন্ত শেষ করে পুলিশ। হত্যাকাণ্ডের মাত্র ছয় দিনের মাথায় আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। পরে মামলাটি ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। ১ জুন অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় বিচারিক কার্যক্রম। পরদিন ২ জুন এক দিনেই ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ করেন আদালত।

এরপর হত্যাকাণ্ডের মাত্র ১৯ দিনের মাথায় ৭ জুন মামলার রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল। রায়ে প্রধান আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। দ্রুততম সময়ে বিচার শেষ করে দেওয়া এই রায় দেশজুড়ে আলোচনার জন্ম দেয়।

নিম্ন আদালতের রায়ের পর মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স এবং আসামিদের করা জেল আপিল হাইকোর্টে আসে। মামলাটির গুরুত্ব বিবেচনায় নিয়ে উচ্চ আদালতে দ্রুত শুনানির উদ্যোগ নেওয়া হয়। সোমবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে উভয়পক্ষের চূড়ান্ত শুনানি শেষ হয়। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

শুনানি শেষে আদালত রায় ঘোষণার জন্য আজ মঙ্গলবার দিন ধার্য করেন। ফলে নিম্ন আদালতে মৃত্যুদণ্ডের রায়ের পর এবার উচ্চ আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে আলোচিত মামলাটি। দ্রুত তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়ে আসা এই মামলার চূড়ান্ত রায় দেশের বিচারব্যবস্থায় গুরুত্বপূর্ণ নজির হয়ে থাকতে পারে।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়