সিএমএম আদালতে ককটেল বিস্ফোরণের মামলায় ওমর ফারুক কারাগারে
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় গ্রেফতার স্বেচ্ছাসেবক লীগ নেতা ওমর ফারুককে কারাগারে পাঠিয়েছেন আদালত।
শনিবার (১৪ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান শুনানি শেষে তার জামিন আবেদন নাকচ করে এ আদেশ দেন।
ওমর ফারুক ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। সংগঠনটি বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক দায়িত্বে ছিলেন।
এদিন পুলিশ তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে। সূত্রাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) অনুপম দাস মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এ আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী ওবায়দুল ইসলাম তার জামিন চান। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করেন।
এর আগে শুক্রবার দিনগত রাত আড়াইটার দিকে সূত্রাপুর থানার এলাকায় নিজের ভাড়া বাসা থেকে ওমর ফারুককে গ্রেফতার করা হয়।
মামলার অভিযোগে বলা হয়, গত ৯ নভেম্বর বিকেল ৫টা ২০ মিনিটের দিকে সিএমএম আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় অজ্ঞাতপরিচয় ২৫ থেকে ৩০ জন ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেন। পরে তারা মোটরসাইকেলে করে পালানোর চেষ্টা করেন।
এ সময় আদালতের প্রধান ফটকে দায়িত্ব পালনরত পুলিশ সদস্য ও স্থানীয় লোকজনের সহায়তায় দুজনকে আটক করা হয়। তবে বাকিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
এ ঘটনায় ১০ নভেম্বর পুলিশ বাদী হয়ে সূত্রাপুর থানায় বিস্ফোরক আইনে মামলা করে। ওই মামলায় ওমর ফারুককে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।



























