মাংস ছাড়াই দারুণ স্বাদে ছোলার বিরিয়ানি, জেনে নিন সহজ রেসিপি
বিরিয়ানি খেতে ভালোবাসেন না, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন! মুরগি, খাসি কিংবা গরুর মাংসের বিরিয়ানি তো প্রায়ই খাওয়া হয়। কিন্তু কখনো কি ছোলা দিয়ে বিরিয়ানি বানিয়ে দেখেছেন? মাংস ছাড়াও যে বিরিয়ানিতে পাওয়া যায় দারুণ স্বাদ, তার চমৎকার উদাহরণ ছোলার বিরিয়ানি।
বাড়িতে একটু ভিন্ন স্বাদের খাবার তৈরি করতে চাইলে কিংবা রান্নাঘরে বেশি সময় কাটাতে না চাইলে এই রেসিপি হতে পারে দারুণ সমাধান। সহজ উপকরণে তৈরি করা যায় এই পদ। আসুন জেনে নেওয়া যাক ছোলার বিরিয়ানি কীভাবে রান্না করবেন।
উপকরণ
- পোলাওয়ের চাল বা বাসমতি চাল আধা কেজি
- ছোলা দেড় কাপ
- পেঁয়াজ কুচি আধা কাপ
- আদা বাটা ১ টেবিল চামচ
- রসুন বাটা ১ চা চামচ
- জিরা বাটা বা গুঁড়ো ১ চা চামচ
- বিরিয়ানি মসলা ১.৫ টেবিল চামচ
- কাঁচা মরিচ ৫-৬টি
- তেজপাতা ২টি
- দারুচিনি ও এলাচ ২-৩টি করে
- তেল বা ঘি পরিমাণমতো
- লবণ স্বাদমতো
- গরম পানি চালের পরিমাণের দ্বিগুণ
প্রস্তুত প্রণালি
প্রথমে ছোলা সারারাত পানিতে ভিজিয়ে রাখুন। পরদিন ভালোভাবে সেদ্ধ করে পানি ঝরিয়ে নিন। এবার পোলাওয়ের চাল ভালো করে ধুয়ে ৩০ মিনিট পানিতে ভিজিয়ে রাখুন। এরপর পানি ঝরিয়ে আলাদা করে রাখুন।
একটি হাঁড়িতে পরিমাণমতো তেল বা ঘি গরম করুন। এতে তেজপাতা, দারুচিনি, এলাচ ও পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিন। এরপর আদা বাটা, রসুন বাটা, জিরা ও বিরিয়ানি মসলা দিয়ে সামান্য পানি মিশিয়ে ভালোভাবে কষিয়ে নিন।
মসলা থেকে তেল ছাড়তে শুরু করলে আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলা দিয়ে দিন। মসলার সঙ্গে ছোলা ভালোভাবে মিশিয়ে ২-৪ মিনিট কষিয়ে নিন। এবার পানি ঝরিয়ে রাখা চাল হাঁড়িতে দিয়ে ছোলা ও মসলার সঙ্গে আলতো হাতে মিশিয়ে ২-৩ মিনিট ভেজে নিন।
এরপর পরিমাণমতো গরম পানি ও স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিন। সঙ্গে কয়েকটি কাঁচা মরিচ যোগ করুন। পানি ফুটে চাল ও পানির পরিমাণ প্রায় সমান হয়ে এলে হাঁড়ির ঢাকনা দিয়ে ঢেকে দিন।
চুলার আঁচ একেবারে কমিয়ে দমে রাখুন। ২০-২৫ মিনিট পর চুলা বন্ধ করে আরও কয়েক মিনিট অপেক্ষা করুন। এরপর ঢাকনা খুলে আলতো হাতে চাল নেড়ে পরিবেশন করুন সুগন্ধি ও ঝরঝরে ছোলার বিরিয়ানি।



























