সোমবার ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০:১৪, ১ মার্চ ২০২৬

বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধাবস্থা ও চরম উত্তেজনার কারণে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ধরনের ফ্লাইট স্থগিত করা হয়েছে। এর ফলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ হাজার হাজার যাত্রী আটকা পড়েছেন। আটকে পড়া যাত্রীদের মধ্যে উল্লেখযোগ্য অংশ মধ্যপ্রাচ্যগামী প্রবাসী কর্মী এবং ইউরোপ–আমেরিকাগামী কানেক্টিং ফ্লাইটের যাত্রী।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বিমানবন্দরে উপস্থিত হয়ে যাত্রীদের খোঁজখবর নেন। তিনি ভোগান্তিতে পড়া যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাদের সহায়তায় নেওয়া পদক্ষেপগুলো তদারকি করেন।

সংবাদ সম্মেলন চলাকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ফোন করে বিমানবন্দরের বর্তমান পরিস্থিতি ও যাত্রীদের দুর্ভোগ সম্পর্কে জানতে চান। এ সময় মন্ত্রী তাকে আশ্বস্ত করে জানান, মন্ত্রণালয় এবং সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ যৌথভাবে যাত্রীদের থাকার ও খাবারের ব্যবস্থা করছে।

প্রধানমন্ত্রীর ফোন পাওয়ার বিষয়টি মন্ত্রী নিজেই নিশ্চিত করেন। 

তিনি জানান, সিনিয়র সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করছেন। মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় ৫০ জন যাত্রীর থাকার ব্যবস্থা করা হয়েছে এবং সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ আরও ৮০০ জনের আবাসনের ব্যবস্থা নিশ্চিত করেছে।

মন্ত্রী আরও জানান, ওমানের মাস্কাটগামী ফ্লাইটের ৫৩ জন যাত্রী সিলেট থেকে ঢাকায় এসেছিলেন। তাদের ফ্লাইট বাতিল হওয়ায় হোটেলে পাঠানো হয়েছে এবং সেহরির ব্যবস্থা করা হয়েছে। আগামীকাল তাদের শীতাতপ নিয়ন্ত্রিত বাসে সিলেটে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

উল্লেখ্য, ইরানসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় শনিবার বিকেল থেকেই ঢাকা থেকে সব ফ্লাইট বাতিল করা হয়। আকস্মিক এ সিদ্ধান্তে হাজার হাজার যাত্রী চরম ভোগান্তির শিকার হন। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ফ্লাইট চলাচল অনিশ্চিত রয়েছে।

সর্বশেষ