সোমবার ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৮:৩১, ২৮ সেপ্টেম্বর ২০২৬

আমিষের ঘাটতি পূরণে মুক্ত জলাশয়ে মাছ চাষ জরুরি: স্পিকার

আমিষের ঘাটতি পূরণে মুক্ত জলাশয়ে মাছ চাষ জরুরি: স্পিকার
ছবি: সংগৃহীত

আমিষের ঘাটতি পূরণে দেশের মুক্ত ও বদ্ধ জলাশয়ে মৎস্য চাষ গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেছেন, দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি সংসদ ভবন লেকেও পর্যায়ক্রমে পোনামাছ অবমুক্ত করা হচ্ছে, যাতে মৎস্য উৎপাদন বাড়ানোর উদ্যোগ আরও উৎসাহিত হয়।

সোমবার সংসদ ভবন লেকে পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, দেশের মানুষের আমিষের ঘাটতি পূরণে মুক্ত ও বদ্ধ জলাশয়ে মৎস্য চাষ একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে সারাদেশের আনাচেকানাচে মৎস্য চাষের ধারাবাহিকতায় সংসদ ভবন লেকেও পর্যায়ক্রমে পোনা মাছ অবমুক্ত করা হচ্ছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের উপকূলীয় অঞ্চল ও বঙ্গোপসাগর মৎস্য উৎপাদন ও আহরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের মৎস্য সম্পদ আরও সমৃদ্ধ করা সম্ভব।

অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া।

এ সময় হাফিজ উদ্দিন আহমদ বলেন, সংসদ ভবন লেকে মাছ চাষের উদ্যোগের মাধ্যমে গ্রামাঞ্চলের জনগণকে উৎসাহিত করা হচ্ছে। এর ফলে দেশের জনগণ মৎস্য সম্পদ উৎপাদনে আরও আগ্রহী হয়ে উঠবেন।

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন। দেশের মানুষের আমিষের চাহিদা পূরণে মাছ ও মাংসের উৎপাদন বাড়াতে প্রধানমন্ত্রী বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন।

তিনি বলেন, ‘আমাদের সন্তান থাকুক দুধে-ভাতে’ ও ‘মাছে-ভাতে বাঙ্গালি’—এই লক্ষ্য বাস্তবায়নে দেশের সকল আনাচে-কানাচে মৎস্য উৎপাদন বাড়াতে হবে।

সংসদ ভবন লেকে সব মিলিয়ে ১ হাজার ২০০ কেজি পোনামাছ অবমুক্ত করা হবে। এরই অংশ হিসেবে সোমবার ২৫০ কেজি রুই, মৃগেল, কাতলা ও কালিবাউশ জাতীয় পোনামাছ অবমুক্ত করা হয়।

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়