ভদ্র হলে ক্ষতি নেই, বরং উপকার আছে : আমিন খান
একসময় ঢাকাই সিনেমার পর্দায় নিয়মিত দেখা যেত সুদর্শন অভিনেতা আমিন খানকে। একের পর এক সফল সিনেমায় অভিনয় করে দর্শকদের কাছে তৈরি করেছিলেন আলাদা পরিচিতি। তবে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে অভিনয় থেকে অনেকটাই দূরে তিনি। কর্পোরেট জগতের ব্যস্ততায় নিজেকে ব্যস্ত রাখায় বড় পর্দায় তার উপস্থিতিও কমে গেছে প্রায় শূন্যের কোটায়।
অভিনয়ের পাশাপাশি ব্যক্তি আমিন খানও পরিচিতজনদের কাছে ভদ্র ও বিনয়ী মানুষ হিসেবে পরিচিত। নিজেকে ‘ডাউন টু আর্থ’ রেখে চলা এবং ভদ্র আচরণের নানা দিক নিয়ে নিজের ভাবনাও জানিয়েছেন এই অভিনেতা।
আমিন খান বলেন, ‘ডাউন টু আর্থ হয়ে চলার মধ্যে অনেক উপকার আছে। চলার পথে অনেক বিপদ-আপদ এড়িয়ে যেতে পারবেন, বিপদ আপনার কাছে আসবে না। আরেকটা জিনিস, ভদ্রভাবে কথা বললে বা ভদ্র হলে ক্ষতি নেই, বরং উপকার আছে। রেসপন্স খুব ভালো পাবেন। ভদ্রতার মূল্য একদিন না একদিন পাওয়া যায়। কেন অহেতুক অভদ্র হবেন?’
মাছরাঙা টিভির ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ অনুষ্ঠানে অতিথি হয়ে নিজের জীবন ও অভিনয়জীবনের নানা বিষয় নিয়ে কথা বলেন আমিন খান। সেখানে তার অভিনয় থেকে দূরে থাকার বিষয়টিও উঠে আসে। অনেক ভক্তের প্রশ্ন—কেন আর নিয়মিত পর্দায় দেখা যায় না তাকে?
ভক্তদের সেই প্রশ্নেরও উত্তর দিয়েছেন অভিনেতা। তিনি জানান, খুব শিগগিরই আবার ক্যামেরার সামনে ফিরছেন। আমিন খান বলেন, “ক্যামেরার সামনে শিগগিরই আবার দেখা যাবে। ডিসেম্বরে ‘গুলশানের চামেলী’ সিনেমার শুটিং শুরু হবে। এরপর যদি ভালো গল্প পাই, অবশ্যই নিয়মিত হবো। এরই মধ্যে কথা চলছে কয়েকটা সিনেমার।”
অর্থাৎ, দীর্ঘ বিরতির পর আবারও সিনেমার পর্দায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন আমিন খান। ভালো গল্প ও চরিত্র পেলে ভবিষ্যতে নিয়মিত অভিনয় করার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, ‘গুলশানের চামেলী’ সিনেমাটি পরিচালনা করবেন মোহাম্মদ ইকবাল। এতে আরও অভিনয় করবেন মধুমিতা সরকার, আজমেরী হক বাঁধন, মিশা সওদাগর, ওমর সানী, রোজিনাসহ অনেকে।



























