সোমবার ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৭, ২৮ সেপ্টেম্বর ২০২৬

বিশ্ব শিক্ষক দিবসে জাতীয় সম্মাননা পাবেন ১০০ গুণী শিক্ষক

বিশ্ব শিক্ষক দিবসে জাতীয় সম্মাননা পাবেন ১০০ গুণী শিক্ষক
ছবি: সংগৃহীত

গুণী শিক্ষকদের সামাজিক মর্যাদা ও পেশাগত স্বীকৃতি আরও বিস্তৃত করতে এবারের বিশ্ব শিক্ষক দিবসে জাতীয় সম্মাননার পরিধি উল্লেখযোগ্যভাবে বাড়ানো হচ্ছে। দীর্ঘদিন ধরে ১২ জন শিক্ষককে দেওয়া এই সম্মাননা এবার প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত ১০০ জন কৃতি শিক্ষকের মধ্যে প্রদান করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন।

সোমবার দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘বিশ্ব শিক্ষক দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে আয়োজিত জাতীয় স্টিয়ারিং কমিটির সভার শুরুতে দেওয়া এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

মাহ্দী আমিন বলেন, দীর্ঘদিন ধরে জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক সম্মাননা’ পেতেন মাত্র ১২ জন শিক্ষক। তবে নির্বাচিত গণতান্ত্রিক সরকার দায়িত্ব নেওয়ার পর এবারই প্রথম প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত মোট ১০০ জন কৃতি শিক্ষককে এই সম্মাননার আওতায় আনা হচ্ছে।

তিনি জানান, আগামী ৫ অক্টোবর ইউনেস্কো ঘোষিত ‘বিশ্ব শিক্ষক দিবস’ উপলক্ষে আয়োজিত মূল অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নির্বাচিত শিক্ষকদের হাতে এই সম্মাননা তুলে দেওয়ার কথা রয়েছে।

এবারের সম্মাননার আওতায় শিক্ষার বিভিন্ন স্তর ও ধারার শিক্ষকরা স্থান পেয়েছেন। এ বিষয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে মাধ্যমিকের সাধারণ, কারিগরি ও মাদ্রাসা—তিন ধারার শিক্ষককে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। একই সঙ্গে কলেজ, সাধারণ বিশ্ববিদ্যালয় এবং চিকিৎসা, কৃষি, প্রকৌশল ও বিজ্ঞান-প্রযুক্তির মতো বিশেষায়িত ক্ষেত্র থেকেও গুণী শিক্ষকদের নিরপেক্ষভাবে নির্বাচিত করা হয়েছে।

শিক্ষকদের অবদানের গুরুত্ব তুলে ধরে মাহ্দী আমিন বলেন, শিক্ষকমণ্ডলী শুধু পাঠদানের মধ্যেই নিজেদের দায়িত্ব সীমাবদ্ধ রাখেন না। তাঁরা নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, সততা ও মানবিক মূল্যবোধের বীজ বপনের পাশাপাশি একটি আত্মমর্যাদাশীল জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত আধুনিক ও মেধাভিত্তিক বাংলাদেশের রূপরেখা বাস্তবায়নে শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি এবং টেকসই শিক্ষা পলিসি গ্রহণ সরকারের অন্যতম অগ্রাধিকার।

সভায় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল ও মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া, প্রাথমিক ও গণশিক্ষা সচিব জেসমিন নাহার এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল উপস্থিত ছিলেন।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়