বিশ্বের অন্যতম উৎপাদন কেন্দ্র হতে চায় বাংলাদেশ : শামা ওবায়েদ
বিশ্বের অন্যতম প্রধান শিল্প উৎপাদন কেন্দ্র হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে চায় সরকার। একই সঙ্গে আসন্ন কমনওয়েলথ সম্মেলনকে কাজে লাগিয়ে দেশে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করাও সরকারের অন্যতম প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘কমনওয়েলথ বিজনেসউইমেনস নেটওয়ার্ক’-এর নির্বাহী পরিচালক আরিফ জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন তিনি।
আগামী নভেম্বরে অ্যান্টিগুয়া ও বার্বুডায় অনুষ্ঠিত হবে কমনওয়েলথ সরকারপ্রধানদের সম্মেলন (সিএইচওজিএম)। ওই সম্মেলনকে সামনে রেখে নতুন বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশকে একটি নির্ভরযোগ্য বিনিয়োগের গন্তব্য হিসেবে তুলে ধরার কৌশল নিয়ে বৈঠকে আলোচনা করা হয়।
আলোচনায় বাংলাদেশকে নীতিগত ধারাবাহিকতা ও স্থিতিশীলতার দেশ হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে উপস্থাপনের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি বিশ্ববাজারে বাংলাদেশকে একটি শক্তিশালী ‘উৎপাদন হাব’ হিসেবে প্রতিষ্ঠার অঙ্গীকারও তুলে ধরা হয়।
বৈঠকে কৃষি ও গ্রামীণ উদ্যোগকে আরও শক্তিশালী করা, ব্লু-ইকোনমিতে টেকসই সম্ভাবনা কাজে লাগানো এবং নবায়নযোগ্য জ্বালানি ও ‘সার্কুলার ইকোনমি’ খাতে বিনিয়োগ বাড়ানোর বিষয়েও মতবিনিময় করেন তারা।
এ সময় মূল সম্মেলনের পাশাপাশি ‘কমনওয়েলথ উইমেনস ফোরাম’ নিয়েও আলোচনা হয়। আন্তর্জাতিক এ প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন এবং তাদের সম্ভাবনা বিকাশের সুযোগ তৈরির বিষয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়।
বৈঠকে কমনওয়েলথের বিভিন্ন ফোরামকে কার্যকরভাবে ব্যবহার করে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সামনে বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা তুলে ধরার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে বিনিয়োগ আকর্ষণে আন্তর্জাতিক যোগাযোগ আরও জোরালো করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।



























