বৃহস্পতিবার ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ০৭:৫৯, ২৯ অক্টোবর ২০২৬

ঠাকুরগাঁও-১ উপ নির্বাচনে আসনে ভোট গ্রহণ আজ

ঠাকুরগাঁও-১ উপ নির্বাচনে আসনে ভোট গ্রহণ আজ
ছবিঃ সংগৃহীত

ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর)। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। নির্বাচন ঘিরে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটগ্রহণের জন্য আসনের ১৮৫টি কেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় নির্বাচনি সরঞ্জাম পাঠানো হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠ থেকে নির্বাচনি সরঞ্জাম বিতরণ কার্যক্রম শুরু করে জেলা নির্বাচন অফিস।

আসনটিতে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে, ১১ দলীয় জোটের জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেন লড়ছেন দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে। এ ছাড়া বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মো. আব্দুল আলিম নিজামী বটগাছ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. খাদেমুল ইসলাম হাতপাখা এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হোসাইন মোহাম্মদ ওমর ফারুক ডাক প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।

নির্বাচন বর্জনের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন। বুধবার শহরের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, তাঁরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে এসেছেন এবং শেষ পর্যন্ত মাঠে থাকতে চান। প্রশাসনের প্রস্তুতির ওপর এখনো তাঁদের আস্থা রয়েছে। তবে ১৯৯৪ সালের মাগুরা নির্বাচনের মতো পরিস্থিতি তৈরি হলে তাৎক্ষণিক অবস্থা বিবেচনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে জামায়াত প্রার্থী নির্বাচনি প্রচারণায় বাধা, নেতা-কর্মীদের ওপর হামলা, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নির্বাচনি কার্যক্রমে ব্যবহারের অভিযোগও করেন।

অন্যদিকে, উপনির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত করতে পরিকল্পিতভাবে মিথ্যা ও বানোয়াট অভিযোগ করা হচ্ছে বলে দাবি করেছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। বুধবার রাতে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জামায়াত প্রার্থীর অভিযোগের প্রতিবাদ জানান।

ফয়সল আমীন বলেন, নির্বাচনের আগে সংবাদ সম্মেলনের মাধ্যমে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা চলছে। তবে সব শ্রেণি-পেশার ভোটার স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে যাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। তাঁদের ভোটগ্রহণের জন্য ১৮৫টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

তিনি আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষায় ৫ হাজার ৩০০ সদস্য মোতায়েন এবং ম্যাজিস্ট্রেট নিয়োগের ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটাররা যাতে নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে জন্য প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

জনপ্রিয়