শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:০৯, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ব্রাজিলে অনলাইন স্পোর্টস বেটিং নিষিদ্ধ করলেন লুলা

ব্রাজিলে অনলাইন স্পোর্টস বেটিং নিষিদ্ধ করলেন লুলা
ছবি: সংগৃহীত

ব্রাজিলে স্পোর্টস বেটিং বা খেলাধুলার ফলাফল নিয়ে অনলাইন বাজির ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। শুক্রবার নেওয়া এই সিদ্ধান্তে দেশটির ক্রীড়াঙ্গনে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে অনলাইন বেটিং কোম্পানিগুলোর সঙ্গে পৃষ্ঠপোষকতা চুক্তিতে থাকা ফুটবল ক্লাবগুলো এ সিদ্ধান্তের বিরোধিতা করেছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ব্রাজিলে সাম্প্রতিক বছরগুলোতে জুয়া ও অনলাইন বেটিংয়ের বিস্তার দ্রুত বেড়েছে। এর ফলে অনেক মানুষ ঋণের চাপে পড়েছেন। বিভিন্ন জনমত জরিপেও এই শিল্পের বিরুদ্ধে ভোটারদের উল্লেখযোগ্য বিরোধিতার চিত্র উঠে এসেছে। লুলা নিজেও বেটিং শিল্পকে ‘ক্যানসার’ হিসেবে আখ্যায়িত করেছেন।

শুক্রবার লুলার সঙ্গে এক অনুষ্ঠানে নিষেধাজ্ঞার ঘোষণা দেন অর্থমন্ত্রী ডারিও ডুরিগান। তিনি বলেন, ‘দেশে বেটিং সাইটগুলোতে আর টাকা জমা করা সম্ভব হবে না।’

আগামী ৪ অক্টোবর অনুষ্ঠেয় প্রথম দফার ভোটের আগে লুলা সরকারের নেওয়া একাধিক পদক্ষেপের সর্বশেষটি হলো এই নিষেধাজ্ঞা। নির্বাচনে চতুর্থ মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন লুলা। জনমত জরিপগুলোতে ডানপন্থী সিনেটর ফ্লাভিও বলসোনারোর সঙ্গে তাঁর ব্যবধানও খুবই কম।

২০২৩ সালে স্পোর্টস বেটিং বা বাজির বাজারকে নিয়ন্ত্রণে একটি কাঠামো চালুর পর ব্রাজিলে এই খাত দ্রুত সম্প্রসারিত হয়। রাস্তাঘাট থেকে শুরু করে অনলাইন প্ল্যাটফর্ম পর্যন্ত ইনফ্লুয়েন্সার ও ক্রীড়া তারকাদের মাধ্যমে বেটিংয়ের ব্যাপক বিজ্ঞাপন প্রচার করা হয়েছে।

দেশটির শীর্ষ বিভাগের ২০টি ফুটবল ক্লাবের মধ্যে ১৩টির জার্সিতে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে অনলাইন বেটিং কোম্পানির নাম। ফুটবল তারকা নেইমার ও ভিনিসিয়ুস জুনিয়রও এই শিল্পের বিজ্ঞাপনে পরিচিত মুখ হিসেবে কাজ করেছেন।

সরকারের এক বিবৃতিতে জানানো হয়েছে, বেটিং ব্যবসার জন্য ৮৫টি লাইসেন্স দেওয়া হয়েছিল। প্রতিটি লাইসেন্সের মূল্য ছিল ৩ কোটি ব্রাজিলীয় রিয়াল, যা প্রায় ৫৭ লাখ ডলারের সমান। তবে নিষেধাজ্ঞা কার্যকর হলেও এই অর্থ ফেরত দেওয়া হবে না।

অর্থমন্ত্রী ডারিও ডুরিগান জানান, বেটিং কোম্পানিগুলোর সঙ্গে নতুন বিজ্ঞাপন চুক্তি তাৎক্ষণিকভাবে নিষিদ্ধ করা হয়েছে। বর্তমানে চালু থাকা চুক্তিগুলোও আগামী ৬ অক্টোবরের পর বাতিল হয়ে যাবে।

তিনি বলেন, ওই তারিখের পর দেশে ‘কোনো সাইট, কোনো অ্যাপ্লিকেশন বা কোনো বৈধ বেটিং স্পনসরশিপ থাকবে না।’

ফুটবল ক্লাবগুলোর আপত্তি

সরকারের সিদ্ধান্তে উদ্বেগ জানিয়েছে ব্রাজিলের অন্যতম জনপ্রিয় ফুটবল ক্লাব ফ্লামেঙ্গো। ক্লাবটি নিষেধাজ্ঞাকে ‘ব্রাজিলের ক্রীড়াঙ্গনের ওপর বড় আঘাত’ হিসেবে উল্লেখ করেছে।

ফ্লামেঙ্গোর আশঙ্কা, বেটিং কোম্পানিগুলোর পৃষ্ঠপোষকতা বন্ধ হয়ে গেলে এর প্রভাব শুধু পেশাদার ফুটবলে সীমাবদ্ধ থাকবে না। যুব একাডেমি, নারী ফুটবল, অলিম্পিক ক্রীড়া এবং বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতাতেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছে ক্লাবটি।

এক বিবৃতিতে ফ্লামেঙ্গো বলেছে, ‘ব্রাজিল স্পোর্টস বেটিং কীভাবে নিয়ন্ত্রণ করবে, তা নিয়ে বছরের পর বছর আলোচনা করেছে। একটি নিয়ম তৈরি করে কোম্পানি ও প্রতিষ্ঠানগুলোকে তার ভিত্তিতে প্রতিশ্রুতি ও বিনিয়োগে উৎসাহিত করার পর রাতারাতি পুরো নিয়ন্ত্রক কাঠামো বদলে দেওয়া যায় না।’

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়