শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২০:৫৭, ২৬ সেপ্টেম্বর ২০২৬

রিয়াল মাদ্রিদকে আরও শক্তিশালী দেখতে চান বার্সা তারকা

রিয়াল মাদ্রিদকে আরও শক্তিশালী দেখতে চান বার্সা তারকা
ছবি: সংগৃহীত

ইউরোপের নারী ফুটবলে একসময় স্পেনের লিগা এফ ছিল শীর্ষ আকর্ষণের অন্যতম। তবে সাম্প্রতিক সময়ে লিগটির বেশ কয়েকজন তারকা খেলোয়াড় অন্য দেশের প্রতিযোগিতায় পাড়ি জমানোয় স্প্যানিশ ফুটবলে নতুন করে প্রশ্ন উঠেছে। বার্সেলোনার তারকা ও তিনবারের ব্যালন ডি’অরজয়ী আইতানা বনমাতির মতে, ঘরোয়া লিগগুলোর মান ও প্রতিদ্বন্দ্বিতার পার্থক্যই এর অন্যতম বড় কারণ।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কাকে দেওয়া এক সাক্ষাৎকারে বনমাতি বলেন, ইউরোপের কয়েকটি দেশের লিগ এখন খেলোয়াড়দের কাছে তুলনামূলকভাবে বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে। বিশেষ করে ইংলিশ লিগে স্পেনের অনেক খেলোয়াড়ের চলে যাওয়ার বিষয়টি তার নজরে এসেছে।

বনমাতির মতে, লিগা এফ এখনো ইউরোপের সেরা পর্যায়ের প্রতিযোগিতাগুলোর কাতারে পুরোপুরি পৌঁছাতে পারেনি। সেই জায়গা অর্জন করতে হলে স্পেনের নারী ফুটবলকে আরও অনেকটা পথ পাড়ি দিতে হবে।

ইউরোপীয় ফুটবলে বার্সেলোনার সাফল্য অবশ্য এরই মধ্যে অন্য উচ্চতায় পৌঁছেছে। গত ছয়টি চ্যাম্পিয়নস লিগের চারটিতেই শিরোপা জিতেছে কাতালান ক্লাবটি। বাকি দুই আসরেও রানার্সআপ হয়েছে তারা। কিন্তু ইউরোপের মঞ্চে এমন সাফল্যের মধ্যেও গত কয়েক মৌসুমে দলটির বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ক্লাব ছেড়েছেন।

সাম্প্রতিক সময়ে এই তালিকায় সবচেয়ে আলোচিত নাম আলেক্সিয়া পুতেয়াস। দুইবারের ব্যালন ডি’অরজয়ী এই মিডফিল্ডার চলতি বছর ইংলিশ উইমেনস সুপার লিগে পাড়ি জমিয়েছেন। একই পথে ইংল্যান্ডে গেছেন ওনা বাতলে ও মাপি লেয়ন। আর সালমা পারালুয়েলো যোগ দিয়েছেন ওএল লিওনে।

তবে বার্সেলোনার তারকা হারানোর এই প্রবণতা নতুন নয়। ২০২৪ সালে দীর্ঘদিনের ফরোয়ার্ড মারিওনা কালদেন্তেই আর্সেনালে যোগ দেন। এরপর ইয়ানা ফার্নান্দেজ, ফ্রিদোলিনা রোলফো ও লুসি ব্রোঞ্জের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়েরাও কাতালান ক্লাবটি ছেড়ে চলে যান।

বনমাতির মতে, স্পেনের ঘরোয়া ফুটবলে প্রতিদ্বন্দ্বিতা আরও বাড়ানো গেলে এই পরিস্থিতির পরিবর্তন আনা সম্ভব। বিশেষ করে রিয়াল মাদ্রিদকে আরও শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে দেখতে চান তিনি। তার ধারণা, লিগে শীর্ষ দলগুলোর মধ্যে প্রতিযোগিতা যত বাড়বে, সামগ্রিকভাবে খেলোয়াড় ও দলগুলোর মানও তত উন্নত হবে।

লিগা এফে বার্সেলোনার দীর্ঘদিনের আধিপত্যও এই আলোচনায় গুরুত্বপূর্ণ। ২০১৯ সালের পর থেকে মাত্র পাঁচটি লিগ ম্যাচে হেরেছে তারা। এরই মধ্যে টানা সাতটি লিগ শিরোপা নিজেদের করে নিয়েছে কাতালান ক্লাবটি।

শুধু বার্সেলোনাই নয়, খেলোয়াড় হারানোর অভিজ্ঞতা হয়েছে রিয়াল মাদ্রিদেরও। ২০২৬ সালে ক্যারোলিন উইয়ার, মিসা রদ্রিগেজ ও তেরেসা আবেলেইরা ক্লাব ছেড়েছেন। তার আগের বছর রিয়ালের অধিনায়ক ওলগা কারমোনাও পিএসজিতে যোগ দেন।

সব মিলিয়ে ইউরোপের নারী ফুটবলে স্পেনের অবস্থান ধরে রাখতে ঘরোয়া প্রতিযোগিতার মান ও প্রতিদ্বন্দ্বিতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথাই সামনে এনেছেন বনমাতি। তার মতে, শীর্ষ দলগুলোর মধ্যে লড়াই যত বেশি জমবে, লিগা এফের আকর্ষণ ও মানও তত বাড়বে।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়