বুধবার ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ০৭:৩২, ২৮ অক্টোবর ২০২৬

গোলাম পরওয়ারের বিরুদ্ধে প্রকাশিত খবরের প্রতিবাদ জামায়াতের

গোলাম পরওয়ারের বিরুদ্ধে প্রকাশিত খবরের প্রতিবাদ জামায়াতের
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার একটি দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক করেছেন—বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এমন খবরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) এক বিবৃতিতে জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে তিনি বলেন, জামায়াতে ইসলামী নিয়মতান্ত্রিক পন্থায় রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে এবং রাষ্ট্রীয় মর্যাদা সমুন্নত রেখে বিদেশি রাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখে। সম্প্রতি দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার একটি দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক করেছেন বলে যে খবর প্রকাশিত হয়েছে, তা জামায়াতের সুনাম ক্ষুণ্ন করার ষড়যন্ত্রের অংশ বলে দাবি করেন তিনি।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, যারা মিয়া গোলাম পরওয়ারকে জড়িয়ে এ ধরনের তথ্য প্রচার করেছেন এবং অভিযোগের সত্যতা প্রমাণের চ্যালেঞ্জ জানিয়েছেন, তাদের উচিত অভিযোগের সত্যতা জাতির সামনে তুলে ধরা। অসত্য তথ্যের মাধ্যমে জামায়াতের সেক্রেটারি জেনারেলকে বিতর্কিত করার চেষ্টা সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি।

বিবৃতিতে তিনি জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোকে অভিযোগের সত্যতা ও তথ্যের যথার্থতা যাচাই করে প্রমাণের ভিত্তিতে দায়িত্বশীল সংবাদ পরিবেশনের আহ্বান জানান।

একই সঙ্গে মিথ্যা প্রচারণা ও প্রোপাগান্ডার বিষয়ে নাগরিকদের সতর্ক থাকার এবং যাচাই না করা তথ্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান জামায়াতের এই নেতা।

সর্বশেষ

জনপ্রিয়