বুধবার ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ০৭:৪১, ২৮ অক্টোবর ২০২৬

জুলাই যোদ্ধাদের চিকিৎসায় আমলাতান্ত্রিক জটিলতা বাধা না হয়: নাহিদ

জুলাই যোদ্ধাদের চিকিৎসায় আমলাতান্ত্রিক জটিলতা বাধা না হয়: নাহিদ
ছবিঃ সংগৃহীত

প্রশাসনিক ও আমলাতান্ত্রিক জটিলতার কারণে জুলাই যোদ্ধাদের চিকিৎসায় যেন কোনো ধরনের গাফিলতি না হয়, সে বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে গাজীপুরের শ্রীপুর উপজেলার বেড়াইদেরচালায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান। জুলাই আন্দোলনে পঙ্গুত্ববরণ করা মো. বাপ্পিকে দেখতে গিয়ে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, “এই সরকার জুলাই গণঅভ্যুত্থানের ফসল। এই নির্বাচন ও সরকারের ক্ষমতায় যাওয়া সম্ভব হয়েছে হাজারো মানুষের জীবনদান, তাদের অঙ্গদান ও পঙ্গুত্বের কারণে। রাজনীতিসহ সবকিছুর ঊর্ধ্বে গিয়ে যাতে এই আহত ভাইবোনদের প্রতি সরকারের দৃষ্টি থাকে এবং কোনো প্রশাসনিক ও আমলাতান্ত্রিক জটিলতায় যাতে তাদের চিকিৎসায় গাফিলতি না হয়।”

নাহিদ ইসলাম বলেন, জুলাই আন্দোলনে হতাহতদের আর্থিক সহযোগিতা ও পুনর্বাসন, তাদের পরিবারকে সহায়তা এবং সামাজিক ও রাজনৈতিকভাবে সুরক্ষা দেওয়া প্রয়োজন। একটি রাজনৈতিক দলের পক্ষে যতটুকু সহযোগিতা করা সম্ভব, সরকার ও রাষ্ট্রের পক্ষে তার চেয়ে অনেক বেশি করা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময় এ বিষয়ে অনেক উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমান সরকারের দায়িত্ব হলো সেসব উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখা এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, আন্দোলনকারীরা দেশের বীর। তাদের অবদানের কারণেই মানুষ নতুন করে স্বপ্ন দেখার সুযোগ পেয়েছে। তাদের যেন কখনো ভুলে যাওয়া না হয়। আহত ব্যক্তিরা হয়তো আগের মতো সুস্থ জীবন ফিরে পাবেন না, তবে রাষ্ট্র ও জনগণ হিসেবে তাদের পাশে থাকা প্রয়োজন।

এ সময় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, ঢাকা বিভাগীয় উত্তরের সাংগঠনিক সম্পাদক সাইদুল্লাহ হায়দার, সহ-সাংগঠনিক সম্পাদক শওকত আলী, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক নাবিলা তাসনিদ, নির্বাহী কমিটির সদস্য আলী নাসের খান এবং গাজীপুর জেলা আহ্বায়ক আবু রায়হান মেজবাহসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

জনপ্রিয়