শনিবার ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১০:২০, ৭ নভেম্বর ২০২৬

৭ নভেম্বরের বিপ্লবে নতুন পথের দিশা পেয়েছিল জাতি: রিজভী

৭ নভেম্বরের বিপ্লবে নতুন পথের দিশা পেয়েছিল জাতি: রিজভী
ছবি: সংগৃহীত

৭ নভেম্বরের ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে দেশের মানুষ স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন প্রত্যাশা খুঁজে পেয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্ত হওয়ার মধ্য দিয়ে জাতি আবারও নতুন করে সামনে এগিয়ে যাওয়ার দিশা পেয়েছিল।

শনিবার (৭ নভেম্বর) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি মাত্র দুই-তিন মিনিটের মধ্যে গোটা জাতিকে চিরতরে শৃঙ্খলিত করার উদ্যোগ নেওয়া হয়েছিল। বাকশাল প্রতিষ্ঠা ও আইন প্রণয়নের মাধ্যমে মানুষের নাগরিক অধিকার কেড়ে নেওয়া হয়। পরবর্তী সময়ে নিজেদের মধ্যে সংঘাত ও রক্তপাতের ঘটনায় দেশজুড়ে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়। এতে পুরো দেশ অনিশ্চয়তা ও অন্ধকারের মধ্যে পড়ে যায়।

তিনি বলেন, ওই সময় দেশের মানুষের প্রধান প্রত্যাশা ছিল প্রকৃত স্বাধীনতা ও গণতন্ত্র ফিরে পাওয়া। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

বিএনপির এই নেতা বলেন, ২৩ নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের ক্যান্টনমেন্টের বাসায় বন্দি করে রাখা হয়। এর ফলে স্বাধীনভাবে বিকশিত হওয়ার স্বপ্ন ও আকাঙ্ক্ষা বাধাগ্রস্ত হয়। দেশজুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক, অরাজকতা ও অনিশ্চয়তা।

সর্বশেষ

জনপ্রিয়