৪ বছরের চুক্তিতে বার্সায় ক্রোয়েশিয়ার গোলরক্ষক
ক্রোয়েশিয়ার জাতীয় দলের অভিজ্ঞ গোলরক্ষক দোমিনিক লিভাকোভিচকে দলে নেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বার্সেলোনা। ফেনেরবাহচে থেকে ৩১ বছর বয়সী এই গোলরক্ষককে চার বছরের চুক্তিতে দলে নিয়েছে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা। তার চুক্তির মেয়াদ থাকবে ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত।
এক বিবৃতিতে বার্সেলোনা জানিয়েছে, ‘দোমিনিক লিভাকোভিচের দলবদল নিয়ে বার্সেলোনা ও ফেনেরবাহচে এসকে সমঝোতায় পৌঁছেছে। ক্রোয়েশিয়ান গোলরক্ষক চার মৌসুমের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন, যার মেয়াদ ৩০ জুন ২০৩০ পর্যন্ত।’
গত এক সপ্তাহ ধরেই লিভাকোভিচকে দলে নেওয়ার আলোচনা গতি পায়। শুরুতে বার্সেলোনার পরিকল্পনা ছিল, তাকে দলে ভিড়িয়ে চলতি মৌসুমের জন্য অন্য কোনো ক্লাবে ধারে পাঠানো হবে। এরপর আগামী মৌসুমে উয়জচিয়েখ শেজনির চুক্তি শেষ হলে তাকে মূল দলে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা ছিল কাতালান ক্লাবটির।
তবে সাম্প্রতিক সময়ে সেই পরিকল্পনায় পরিবর্তন আসে। ২০২৬ বিশ্বকাপে নজরকাড়া পারফরম্যান্স করা লিভাকোভিচ চলতি সপ্তাহের শুরুতেই কাতালোনিয়ায় পৌঁছান। সেখানে মেডিকেল পরীক্ষা ও দলবদলের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তিনি।
এর মধ্য দিয়ে লা লিগায় আবারও ফিরছেন এই ক্রোয়েশিয়ান গোলরক্ষক। গত মৌসুমের প্রথমার্ধে ফেনেরবাহচে থেকে ধারে জিরোনার হয়ে খেলেছিলেন লিভাকোভিচ।
তবে দলবদলের আর্থিক বিবরণ আনুষ্ঠানিক বিবৃতিতে প্রকাশ করেনি বার্সেলোনা। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, লিভাকোভিচকে দলে নিতে কাতালান ক্লাবটির খরচ হয়েছে প্রায় ২০ লাখ ইউরো। পারফরম্যান্সভিত্তিক শর্ত পূরণ হলে এর সঙ্গে আরও ২০ লাখ ইউরো যোগ হতে পারে।
বার্সেলোনায় আপাতত প্রথম পছন্দের গোলরক্ষক হিসেবে থাকবেন হোয়ান গার্সিয়া। তার বিকল্প হিসেবে দায়িত্ব পালন করবেন লিভাকোভিচ। অন্যদিকে উয়জচিয়েখ শেজনির চলতি মৌসুমে দলের তৃতীয় গোলরক্ষক হিসেবে থাকার সম্ভাবনা রয়েছে।



























