রোববার ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৭, ১০ অক্টোবর ২০২৬

রিয়াল ছেড়ে মিলানে যেতে চান এন্দ্রিক

রিয়াল ছেড়ে মিলানে যেতে চান এন্দ্রিক
ছবি: সংগৃহীত

রিয়াল মাদ্রিদে প্রত্যাশা অনুযায়ী খেলার সুযোগ না পাওয়ায় জানুয়ারির দলবদলে নতুন ঠিকানা খুঁজতে পারেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এন্দ্রিক। নিয়মিত মাঠে নামার সুযোগ পেতে স্প্যানিশ ক্লাবটি ছেড়ে ইতালির এসি মিলানে ধারে যোগ দেওয়ার আগ্রহ দেখিয়েছেন ২০ বছর বয়সী এই ফুটবলার।

রিয়াল মাদ্রিদের আক্রমণভাগে কিলিয়ান এমবাপে, ভিনিসিয়ুস জুনিয়র ও জুড বেলিংহামের মতো তারকাদের উপস্থিতিতে মূল একাদশে জায়গা করে নেওয়া এন্দ্রিকের জন্য কঠিন হয়ে উঠেছে। চলতি মৌসুমে লা লিগায় এখন পর্যন্ত মাত্র চার মিনিট মাঠে থাকার সুযোগ পেয়েছেন তিনি। এমন পরিস্থিতিতে নিয়মিত খেলার সুযোগ না পেলে ব্রাজিল জাতীয় দলে নিজের অবস্থান ধরে রাখাও কঠিন হয়ে পড়তে পারে। সব মিলিয়ে জানুয়ারির দলবদলে ক্লাব ছাড়ার চিন্তা আরও জোরালো হয়েছে তার।

এন্দ্রিককে দলে ভেড়ানোর দৌড়ে রয়েছে একাধিক ক্লাব। এসি মিলানের পাশাপাশি ইতালির রোমা ও ইংল্যান্ডের অ্যাস্টন ভিলাও ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের পরিস্থিতির ওপর নজর রাখছে। তবে ইতালির সংবাদমাধ্যম লা গাজেত্তা দেলো স্পোর্ত–এর বরাতে এন্দ্রিককে পাওয়ার লড়াইয়ে মিলানকে এগিয়ে রাখছে গোল ডটকম। 

এ ছাড়া এন্দ্রিকের প্রতিনিধিত্বকারী সংস্থা রক নেশনের সঙ্গে মিলানের মালিক জেরি কার্ডিনালের সুসম্পর্কও সম্ভাব্য চুক্তির ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

তবে এন্দ্রিককে স্থায়ীভাবে বিক্রি করার পরিকল্পনা নেই রিয়াল মাদ্রিদের। এ কারণে জানুয়ারির দলবদলে তাকে ধারে অন্য ক্লাবে পাঠানোর সম্ভাবনাই বেশি। ২০২২ সালের শেষ দিকে পালমেইরাস থেকে এন্দ্রিককে দলে নিতে প্রায় ৪ কোটি ৭৫ লাখ ইউরো ব্যয় করেছিল স্প্যানিশ জায়ান্টরা। এখন জানুয়ারিতে দুই ক্লাবের মধ্যে আলোচনা এগোলে ধারে মিলানে যোগ দেওয়ার পথ খুলে যেতে পারে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের সামনে।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়