মেসির চোখে ভবিষ্যতের ১০ তারকা ফুটবলার
ফুটবল ক্যারিয়ারে বিশ্বকাপ থেকে শুরু করে ব্যক্তিগত অসংখ্য পুরস্কার সবই জিতেছেন লিওনেল মেসি। এবার ভবিষ্যতের ফুটবলে কারা আলো ছড়াতে পারেন, সেই সম্ভাবনাময় ১০ তরুণের নাম সামনে এনেছেন আর্জেন্টিনার এই মহাতারকা।
সোমবার (১২ অক্টোবর) গোল ডটকমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাসের ‘মেসি +১০’ প্রচারণার তৃতীয় মৌসুমে নির্বাচিত হয়েছেন এই ১০ ফুটবলার। নতুন প্রজন্মের প্রতিভাবান খেলোয়াড়দের পরিচিত করে তোলা এবং তাদের সম্ভাবনাকে সামনে আনাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
মেসির নির্বাচিত তালিকায় আর্জেন্টিনার তরুণ ফুটবলার তোমাস আরান্দার নাম থাকাটা দেশটির সমর্থকদের জন্য বিশেষ আগ্রহের বিষয়। বোকা জুনিয়র্সের এই মিডফিল্ডার এরই মধ্যে নিজের দক্ষতা ও সৃজনশীলতা দিয়ে নজর কেড়েছেন। তার প্রতিভা নজরে এসেছে আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনিরও। বিশ্বকাপের আগে প্রীতি ম্যাচের সফরের দলেও তাকে রেখেছিলেন এই কোচ।
তবে চোটের কারণে বর্তমানে মাঠের বাইরে রয়েছেন আরান্দা। ডান পায়ের ফিবুলার হাড় ভেঙে যাওয়ায় চলছে তার পুনর্বাসন। মাঠে ফেরার অপেক্ষায় থাকা এই তরুণের জন্য মেসির নির্বাচিত তালিকায় জায়গা পাওয়া বড় স্বীকৃতি হিসেবেই বিবেচিত হতে পারে।
তালিকায় ইউরোপের ক্লাব ফুটবলের কয়েকজন প্রতিভাবান খেলোয়াড়ও রয়েছেন। তাদের মধ্যে অন্যতম আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের তুর্কি ফুটবলার জান উজুন, মেক্সিকোর তিহুয়ানার গিলবার্তো মোরা এবং আর্সেনালের ইংলিশ তরুণ ম্যাক্স ডাউম্যান। বিশেষ করে মোরাকে নিয়ে ইউরোপের বড় ক্লাবগুলোর আগ্রহের কথাও বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মতো ক্লাবের নামও আলোচনায় রয়েছে।
শুধু ছেলেদের ফুটবল নয়, মেয়েদের ফুটবলের ভবিষ্যৎ প্রতিভাদেরও জায়গা দিয়েছেন মেসি। তার নির্বাচিতদের মধ্যে রয়েছেন ইংল্যান্ডের ক্লোয়ি সারউই, ব্রাজিলের জিওভান্না ওয়াকসম্যান এবং জার্মানির লোটা ভ্রেডে।
তালিকার অন্য তিন ফুটবলার হলেন যুক্তরাষ্ট্রের জেভিয়ার গোজো, স্পেনের হেসুস রদ্রিগেজ এবং নেদারল্যান্ডসের কেস স্মিট। বিভিন্ন দেশ ও ক্লাবের এই তরুণদের নিয়ে ফুটবলের আগামী দিনের সম্ভাবনাকে তুলে ধরেছে ‘মেসি +১০’ প্রচারণা।
মেসির নির্বাচিত ভবিষ্যতের ১০ তারকা
১. তোমাস আরান্দা — আর্জেন্টিনা, বোকা জুনিয়র্স
২. জান উজুন — তুরস্ক, আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট
৩. গিলবার্তো মোরা — মেক্সিকো, তিহুয়ানা
৪. ম্যাক্স ডাউম্যান — ইংল্যান্ড, আর্সেনাল
৫. জেভিয়ার গোজো — যুক্তরাষ্ট্র, ক্রিস্টাল প্যালেস
৬. হেসুস রদ্রিগেজ — স্পেন, কোমো ১৯০৭
৭. কেস স্মিট — নেদারল্যান্ডস, এজেড আলকমার
৮. ক্লোয়ি সারউই — ইংল্যান্ড, চেলসি
৯. জিওভান্না ওয়াকসম্যান — ব্রাজিল, ওএল লিওন
১০. লোটা ভ্রেডে — জার্মানি, হামবুর্গার এসভি



























