মঙ্গলবার ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৯:৪২, ১২ অক্টোবর ২০২৬

আমিই ইতিহাসের সেরা ফুটবলার: রোনালদো

আমিই ইতিহাসের সেরা ফুটবলার: রোনালদো
ছবি: সংগৃহীত

ক্যারিয়ারে ১ হাজার গোলের মাইলফলক স্পর্শ করার হাতছানি থাকলেও এ নিয়ে খুব বেশি দূরদর্শী পরিকল্পনা করতে চান না পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে দীর্ঘ ফুটবল ক্যারিয়ারে অসংখ্য গোল ও ধারাবাহিক পারফরম্যান্সের পরও নিজের প্রাপ্য স্বীকৃতি পাচ্ছেন না বলে মনে করেন তিনি। সবকিছুর পরও নিজের অবস্থান নিয়ে আত্মবিশ্বাসী আল নাসরের এই ফরোয়ার্ড। তার দাবি, ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় তিনিই।

সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদোর বক্তব্যের কিছু অংশ প্রকাশ করেছে দ্য অ্যাথলেটিক। সেখানে নিজের পারফরম্যান্স ও গোলের স্বীকৃতি নিয়ে আক্ষেপ প্রকাশ করে পর্তুগিজ তারকা বলেন, ‘মানুষ আমার পারফরম্যান্সের মান ও গোলগুলোকে প্রাপ্য কৃতিত্ব দেয় না।’

পরিসংখ্যানের পাতায় অবশ্য উজ্জ্বল রোনালদোর অর্জন। ক্লাব ও পর্তুগাল জাতীয় দলের হয়ে পেশাদার ক্যারিয়ারে এখন পর্যন্ত ১ হাজার ৩৩৭ ম্যাচ খেলেছেন তিনি। এসব ম্যাচে তার গোলসংখ্যা ৯৮০। অর্থাৎ ক্যারিয়ারের ১ হাজার গোলের ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করতে আর মাত্র ২০ গোল প্রয়োজন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকার।

হাজার গোলের লক্ষ্য নিয়ে প্রশ্ন করা হলে রোনালদো জানান, বিষয়টি নিয়ে অতিরিক্ত চাপ নিতে চান না তিনি। নিজের শ্রেষ্ঠত্বের দাবিতে অনড় থেকে তিনি বলেন, ‘বিষয়গুলো স্বাভাবিকভাবেই ঘটতে হবে। আমি যদি ৯২০, ৯২৫ কিংবা ৯৩০ গোলও করি, এরপরও ইতিহাসের সেরা খেলোয়াড় আমিই—ব্যস, এটাই শেষ কথা।’

তবে হাজার গোলের স্বপ্ন যে এখনো তার কাছে বিশেষ কিছু, সেটিও স্পষ্ট করেছেন রোনালদো। কাঙ্ক্ষিত এই মাইলফলকে পৌঁছাতে কাজ করে যাচ্ছেন জানিয়ে তিনি বলেন, ‘পরিসংখ্যানই সব বলে দেয়। আমি যদি ওই সংখ্যায়, অর্থাৎ এক হাজার গোলে পৌঁছাতে পারি, তাহলে সেটা হবে অসাধারণ কিছু। এটি এমন একটি লক্ষ্য, যেটি অর্জনের জন্য আমি কাজ করছি। তবে দীর্ঘমেয়াদি বিষয় নিয়ে আমি ভাবি না।’

এদিকে ফুটবল ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়েও এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চান না রোনালদো। মাঠে খেলার অনুপ্রেরণা কত দিন থাকবে, তা নিয়েও নিশ্চিত নন তিনি। নিজের ভবিষ্যৎ ভাবনা তুলে ধরে পর্তুগিজ সুপারস্টার বলেন, ‘আগামীকাল কী হবে, তা আমি জানি না। হয়তো একদিন ঘুম থেকে উঠে দেখব, আমার আর প্রেরণা নেই, আর খেলতে চাই না। সত্যি বলতে, কী ঘটতে পারে, তা আমি জানি না।’

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

জনপ্রিয়