চোরাই গরু দিয়ে ইফতার মাহফিল, জানাজানির পর টাকা পরিশোধ
ওসমানীনগর-এ চোরাই গরু দিয়ে ইফতার মাহফিল আয়োজনের অভিযোগে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। জানা গেছে, গলমুকাপন গ্রামের যুক্তরাজ্যপ্রবাসী বিএনপি কর্মী এম আহমেদ মধু মিয়ার বাড়িতে গত ৬ রমজান ইউনাইটেড গলমুকাপন ট্রাস্ট–এর ব্যানারে একটি ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রাজনৈতিক নেতাকর্মীসহ স্থানীয় এলাকাবাসী অংশ নেন।
ইফতার আয়োজনের পরদিন একই গ্রামের নাজমুল ইসলামের একটি গরু চুরির ঘটনা প্রকাশ্যে আসে। পরে তিনি জানতে পারেন, তার গরুটি ইফতার মাহফিলের জন্য জবাই করা হয়েছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় ব্যাপক সমালোচনা।
খোঁজ নিয়ে জানা যায়, প্রবাসী মধু মিয়ার বাড়ির তত্ত্বাবধায়ক মো. সাইদি গরুটি চুরি করে জবাই করেন। অভিযোগ রয়েছে, ইফতারের জন্য গরু কেনার উদ্দেশ্যে মধু মিয়া যে অর্থ প্রদান করেছিলেন, তা আত্মসাৎ করেন সাইদি। পরে বিষয়টি জানাজানি হলে ধরা পড়া এড়াতে তিনি মাঠ থেকে গরু চুরি করে এনে জবাই করেন।
ঘটনা জানার পর মধু মিয়া গরুর মালিক নাজমুল ইসলামকে গরুর মূল্য পরিশোধ করেন। পাশাপাশি ক্ষোভ প্রকাশ করে তিনি তত্ত্বাবধায়ক সাইদিকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন এবং বাড়ি থেকে বের করে দেন। জানা গেছে, ঘটনার পর শনিবার সন্ধ্যায় তিনি দেশ ত্যাগ করেন।
ইউনাইটেড গলমুকাপন ট্রাস্টের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বুরহান মিয়া বলেন, ইফতার মাহফিলটি ট্রাস্টের উদ্যোগে আয়োজন করা হয়েছিল। মধু মিয়া গরু কেনার জন্য তত্ত্বাবধায়ককে অর্থ দিয়েছিলেন। কিন্তু তিনি সেই অর্থ আত্মসাৎ করে চুরির ঘটনাটি ঘটান।
গরুর মালিক নাজমুল ইসলাম বলেন, “মাঠ থেকে আমার গরুটি চুরি করে নিয়ে যায় মধু মিয়ার বাড়ির তত্ত্বাবধায়ক। মধু মিয়া একজন সম্মানিত ব্যক্তি। চুরির বিষয়টি জানার পর তিনি আমাকে গরুর মূল্য পরিশোধ করেছেন।”



























