শনিবার ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১১:০৯, ২৮ আগস্ট ২০২৬

সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সিএনজির ধাক্কা, নিহত ২

সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সিএনজির ধাক্কা, নিহত ২
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ সদর উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার আরও এক যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার (২৮ আগস্ট) ভোরে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়কের শিয়ালকোল ইউনিয়নের বহুতিচারা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের কালিঞ্জা গ্রামের বাসিন্দা ঠাকুর হালদার (৬৮) এবং কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের কুটিরচর গ্রামের আলী আকতার ফকিরের ছেলে সিএনজিচালক আশিক (৩৭)।

এ ঘটনায় আহত হয়েছেন নিহত ঠাকুর হালদারের ছেলে বিষ্ণু হালদার। তাকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, কামারখন্দের ভদ্রঘাট বাজার থেকে মৎস্যজীবী ঠাকুর হালদার ও তার ছেলে বিষ্ণু হালদার একটি সিএনজিচালিত অটোরিকশায় করে সিরাজগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন। পথে বহুতিচারা বটতলা এলাকায় দ্রুতগতির অটোরিকশাটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়।

এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই অটোরিকশাচালক আশিক ও যাত্রী ঠাকুর হালদার মারা যান। আহত হন ঠাকুর হালদারের ছেলে বিষ্ণু হালদার।

সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনায় দুজন নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে নিহতদের মরদেহ পরিবারের সদস্যরা নিয়ে গেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় কোনো অভিযোগ করেননি।

জনপ্রিয়