জমির নামজারি নিয়ে প্রশ্ন, সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের অভিযান
নামজারি এবং ৭২ ঘণ্টার মধ্য সেটি বাতিল সংক্রান্ত প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে তলাশি করেছেন রৌমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান।
বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে পুলিশ এবং আনসার নিয়ে এ তলাশি করেন তিনি। ওই ভুক্তভোগী সাংবাদিক রফিকুল ইসলাম সাজুর বাড়ি উপজেলার সবুজপাড়া গ্রামে। তিনি মানবজমিনের রৌমারী উপজেলা প্রতিনিধি।
ভুক্তভোগী সাংবাদিক রফিকুল ইসলাম অভিযোগ করে জানান, দাঁতভাঙ্গা ইউনিয়নের আমবাড়ি গ্রামের একটি জমির নামজারি করেন ২৭ আগস্ট। ৩০ আগস্ট সেই নামজারি কোনপ্রকার নোটিশ এবং শুনানি ছাড়াই বাতিল করেন। সেটি তিনি করতে পারেন কিনা বুধবার সন্ধ্যায় মোবাইল ফোনে এ প্রশ্ন করায় ক্ষেপে যান এসিল্যান্ড। তারই সূত্র ধরে বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে আমার বাড়িতে মাদক মজুদের অজুহাতে পুরো বাড়ি তলাশি চালায়।
জানা গেছে, বির্তকিত ওই এসিল্যান্ড এর আগেও ঘুস না দেওয়ায় ভুল রায় দিয়েছিলেন।
সাংবাদিকের বাড়িতে তলাশির বিষয়ে মোবাইলে জানতে চাইলে রৌমারী সহকারী কমিশনার (ভ‚মি) রাফিউর রহমান বলেন, মাদকের ইনফরমেশন পেয়ে ওই ব্যক্তির বাড়িতে তলাশি করেছিলাম। কিন্তু কিছু পাওয়া যায়নি। তিনি সাংবাদিক কিনা আমি জানি না।



























