শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ১৩:১৬, ১২ সেপ্টেম্বর ২০২৬

পঞ্চগড়ে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য গ্রেপ্তার

পঞ্চগড়ে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য গ্রেপ্তার
ছবিঃ প্রতিনিধি

পঞ্চগড়ের আটোয়ারীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঠাকুরগাঁও জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক উসমান গানীকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের বাংলা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার উসমান গানী আটোয়ারী উপজেলার বারো আউলিয়া ইউনিয়নের প্রেসিডেন্টপাড়া এলাকার জয়ন উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, উসমান গানী বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এবং ঠাকুরগাঁও জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক। সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে।

আটোয়ারী থানা পুলিশ জানায়, ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে আটোয়ারী থানায় নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিয়ার রহমান বলেন, ‘উসমান গানীকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

জনপ্রিয়