বাগেরহাটে কলাবোঝাই পিকআপের টায়ারে আগুন
বাগেরহাট সদর উপজেলায় কলাবোঝাই চলন্ত একটি পিকআপ ভ্যানের টায়ারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় তন্ময় ভাই’ স্লোগান দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায় বলে অভিযোগ করেছেন পিকআপচালক।
সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মানিকতলা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে কলাবোঝাই পিকআপটি মানিকতলা এলাকা দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা কয়েকজন যুবক সেটির গতিরোধ করেন। পরে তারা পিকআপের টায়ারে আগুন ধরিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
পিকআপচালক জানান, মোটরসাইকেলে করে চার থেকে পাঁচজন অজ্ঞাত যুবক এসে পিকআপের কাছে নামেন। এরপর ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় তন্ময় ভাই’ স্লোগান দিয়ে গাড়ির টায়ারে আগুন ধরিয়ে পালিয়ে যান।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।



























