বগুড়ায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মহাসড়কে অগ্নিসংযোগ
বগুড়ার শেরপুরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ঢাকা-বগুড়া মহাসড়কে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গাড়িদহ ইউনিয়নের গাড়িদহ বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর একদল ব্যক্তি গাড়িদহ বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পিকেটিং শুরু করে। একপর্যায়ে তারা মহাসড়কের ওপর রাখা একটি ভ্যানের বস্তা ও চটে আগুন ধরিয়ে দেয়। পরে তারা ঘটনাস্থল থেকে সরে যায়।
খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
শেরপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন জানান, সন্ধ্যা ৭টা ১৯ মিনিটে অগ্নিসংযোগের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যায়। সেখানে একটি ভ্যানের ওপর রাখা বস্তা ও চটে আগুন জ্বলতে দেখা যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন বলেন, পুলিশ নিয়মিত টহল দিচ্ছে। তবে গাড়িদহ এলাকায় অগ্নিসংযোগ বা পিকেটিংয়ের বিষয়ে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। ঢাকা-বগুড়া মহাসড়কেও নিয়মিত টহল অব্যাহত রয়েছে।



























