বাগদানের খবর নিয়ে মুখ খুললেন জেবিন
ধারাবাহিক নাটক ‘দেনা পাওনা’-তে ‘নাবিলা সিক্স’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকের পরিচিতি পাওয়া অভিনেত্রী শিরতাজ জাহান জেবিন তার বাগদান নিয়ে প্রকাশিত খবরকে সম্পূর্ণ ভুল বলে দাবি করেছেন। অভিনেত্রী জানিয়েছেন, সম্প্রতি তার কোনো বাগদান হয়নি।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে কয়েকটি গণমাধ্যমের নাম উল্লেখ করে প্রকাশিত সংবাদের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন জেবিন। তিনি বলেন, তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ কিংবা তথ্য যাচাই না করেই বাগদানের খবর প্রকাশ করা হয়েছে।
জেবিন তার পোস্টে লেখেন, ‘আমি স্পষ্টভাবে জানাতে চাই, সম্প্রতি আমার কোনো বাগদান হয়নি। সংবাদটি সম্পূর্ণ ভুল এবং আমার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ বা তথ্য যাচাই না করেই প্রকাশ করা হয়েছে।’
বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন এই অভিনেত্রী। তিনি জানান, বাবার চিকিৎসার জন্যই বিদেশে রয়েছেন। এ কারণে এই সময়ে তার পুরো মনোযোগ বাবার চিকিৎসা ও পরিবারের প্রতি।
সংবেদনশীল এই পরিস্থিতিতে তার ব্যক্তিগত জীবন নিয়ে তথ্য যাচাই ছাড়া সংবাদ প্রকাশ করায় বিব্রত হয়েছেন বলেও জানান জেবিন। তার মতে, কোনো শিল্পীর ব্যক্তিগত জীবন নিয়ে সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য নেওয়া এবং তথ্যের সত্যতা যাচাই করা গণমাধ্যমের দায়িত্ব।
জেবিন বলেন, ‘একজন শিল্পীর ব্যক্তিগত জীবন নিয়ে সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য নেওয়া এবং তথ্যের সত্যতা যাচাই করা গণমাধ্যমের দায়িত্ব। বিশেষ করে প্রতিষ্ঠিত সংবাদমাধ্যমের কাছ থেকে এমন দায়িত্বশীলতাই প্রত্যাশিত।’
প্রকাশিত খবরগুলো যাচাই করে প্রয়োজনীয় সংশোধনের জন্য তার স্ট্যাটাসে উল্লেখ করা গণমাধ্যমগুলোর প্রতি অনুরোধ জানিয়েছেন এই অভিনেত্রী। একই সঙ্গে ভবিষ্যতে কোনো ব্যক্তিগত বা সংবেদনশীল বিষয় প্রকাশের আগে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি।
এদিকে নিজের অনুসারী ও শুভাকাঙ্ক্ষীদেরও বিভ্রান্তিকর সংবাদ বিষয়ে সতর্ক থাকার অনুরোধ করেছেন জেবিন। কোনো সংবাদ দেখেই সেটিকে সত্য ধরে না নিয়ে তথ্য যাচাই এবং বিভ্রান্তিকর খবর শেয়ার না করার আহ্বান জানিয়েছেন তিনি।
জেবিনের মতে, ভুল কোনো সংবাদ শুধু একজন ব্যক্তির ভাবমূর্তিতেই প্রভাব ফেলে না, এর প্রভাব পড়ে তার পরিবার ও ব্যক্তিগত জীবনেও। পোস্টের শেষ দিকে তিনি বলেন, ‘সংবাদ প্রকাশের আগে সত্যতা যাচাই করা হোক। সংবাদ হোক তথ্যনির্ভর, অনুমাননির্ভর নয়।’



























