বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৫০, ১৫ অক্টোবর ২০২৬

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালির কাছে জাহাজে হামলায় তেল সরবরাহ ব্যাহত হওয়ার শঙ্কা থাকলেও আন্তর্জাতিক বাজারে কমেছে অপরিশোধিত তেলের দাম। একই সঙ্গে তেল পরিবহনের ব্যয় কমানোর লক্ষ্যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিলের উদ্যোগও বাজারে দামের ওপর প্রভাব ফেলেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) উভয় ধরনের অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি এক ডলারের বেশি কমেছে।

বাংলাদেশ সময় সকাল ৭টা ১৬ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৩৯ ডলার বা ১ দশমিক ৩১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৪ দশমিক ৬৭ ডলারে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই তেলের দাম ১ দশমিক ০২ ডলার বা ১ দশমিক ০৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৪ দশমিক ০৭ ডলারে নেমে আসে।

এর আগের দিন সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর সদর দপ্তরে হুতিদের হামলা এবং হরমুজ প্রণালিতে জাহাজ লক্ষ্য করে নতুন কৌশলে হামলার বিষয়ে ইরানের ঘোষণার পর ডব্লিউটিআইয়ের দাম গত তিন সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল।

সামুদ্রিক কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, বুধবারের আগের ২৪ ঘণ্টায় পৃথক দুটি ঘটনায় ক্ষেপণাস্ত্র বা অন্য কোনো প্রক্ষেপিত অস্ত্রের আঘাতে হরমুজ প্রণালির কাছাকাছি এলাকায় একটি কনটেইনারবাহী জাহাজ ও একটি পণ্যবাহী জাহাজ ডুবে যায়।

গত ১০ দিনে হরমুজ প্রণালি ও এর আশপাশের এলাকায় জাহাজে হামলার ঘটনা বেড়েছে। ইরানের দাবি, দেশটির বন্দরে যুক্তরাষ্ট্রের অবরোধ এবং গত মাসে আরও কঠোর করা নিষেধাজ্ঞার জবাবে এসব হামলা জোরদার করা হচ্ছে।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়