ভারতের সীমান্তরক্ষীর গুলিতে দুই পাকিস্তানি নিহত
পাঞ্জাব সীমান্তের কাছে দুই বেসামরিক পাকিস্তানিকে গুলি করে হত্যা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (০২ অক্টোবর) তিন নিরস্ত্র পাকিস্তানিকে টার্গেট করে গুলি ছোড়ে বিএসএফ। এতে দুজনের মৃত্যু ও একজন গুরুতর আহত হন।
একাধিক ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, ওই তিন পাকিস্তানি সীমান্ত অতিক্রম করার চেষ্টা করছিল। তখন তাদের গুলি করা হয়।
কিন্তু পাকিস্তান জানিয়েছে, তারা সীমান্ত পাড়ি দেওয়ার কোনো চেষ্টা করেননি।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, এ হত্যাকাণ্ড নিয়ে দুই দেশের মধ্যে আবারও উত্তেজনা সৃষ্টি হয়েছে। যদিও পাকিস্তান এখন পর্যন্ত কোনো পদক্ষেপ ঘোষণা করেনি।
সংবাদমাধ্যম পাকিস্তান টেলিভিশন নিরাপত্তা সূত্রের বরাতে জানিয়েছে, শুক্রবার তিন নিরস্ত্র বেসামরিক মানুষ একটি সীমান্ত পিলার থেকে মাত্র কয়েক ধাপ দূরে গিয়েছিল। আর ঠিক তখনই তাদের ওপর গুলি ছোড়ে বিএসএফ। এতে দুজন নিহত ও একজন আহত হন।
নিরাপত্তা সূত্র আরও জানিয়েছে, তিনজনের কেউই নিরাপত্তা বেষ্টনি পার হতে যায়নি। এ ঘটনাকে ভারতের সঙ্গে সীমান্ত চুক্তির গুরুতর লঙ্ঘন হিসেবে হিসেবে অভিহিত করেছে সূত্রটি।



























