রোববার ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩:৫০, ১৪ নভেম্বর ২০২৬

হরর সিনেমা নিয়ে ফিরছেন কঙ্গনা

হরর সিনেমা নিয়ে ফিরছেন কঙ্গনা
ছবি: সংগৃহীত

হরর সিনেমার মাধ্যমে বড় পর্দায় নতুন চমক নিয়ে ফিরছেন বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওউত। ‘স্কেয়ারি পিকচার’ নামের একটি নতুন হরর সিনেমায় প্রধান চরিত্রে দেখা যাবে তাকে। সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশের পর থেকেই এটি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

সম্প্রতি সিনেমাটির প্রথম ঝলক প্রকাশ করেন অভিনেতা ও প্রযোজক রানা দাগ্গুবাটি। অভিজ্ঞ প্রযোজক সুরেশ বাবুর প্রতিষ্ঠান ‘সুরেশ প্রোডাকশনস’ সিনেমাটি নির্মাণ করছে। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো হরর চলচ্চিত্র প্রযোজনায় নাম লেখাচ্ছে প্রতিষ্ঠানটি। সিনেমাটি পরিচালনা করছেন তেলুগু চলচ্চিত্র নির্মাতা রবি বাবু।

‘স্কেয়ারি পিকচার’-এর মাধ্যমে হিন্দি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে পরিচালক হিসেবে অভিষেক হতে যাচ্ছে রবি বাবুর। এক সংবাদ বিজ্ঞপ্তিতে রানা দাগ্গুবাটি জানান, হরর ঘরানার নির্মাতাদের নিয়মিত প্রযোজনা সহায়তা ও সিনেমা মুক্তির সুযোগ তৈরি করাই তাদের লক্ষ্য।

তিনি বলেন, ভারতে প্রতিটি চলচ্চিত্র ঘরানারই নিজস্ব বৈচিত্র্য রয়েছে। হরর সিনেমার ক্ষেত্রেও অঞ্চলভেদে ভয়ের বিষয়, গল্প বলার ধরন ও উপস্থাপনায় পার্থক্য দেখা যায়। তাই এই ঘরানার বিভিন্ন উপধারার চলচ্চিত্রকে প্রযোজনার আওতায় আনতে চান তারা।

তেলুগু চলচ্চিত্রে হরর নির্মাতা হিসেবে পরিচিত রবি বাবু এর আগে ‘অনসূয়া’ ও ‘অভুন্নু’র মতো সিনেমা পরিচালনা করেছেন। তবে নতুন সিনেমাটিতে কঙ্গনার চরিত্র, গল্পের বিষয়বস্তু কিংবা অন্য অভিনয়শিল্পীদের বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে ‘স্কেয়ারি পিকচার’।

এর আগেও হরর ঘরানার সিনেমায় অভিনয় করেছেন কঙ্গনা। ২০০৯ সালে ‘রাজ: দ্য মিস্ট্রি কন্টিনিউজ’ এবং ২০২৩ সালে ‘চন্দ্রমুখী ২’ সিনেমায় দেখা গেছে তাকে।

সর্বশেষ মনোজ তাপাদিয়া পরিচালিত ‘ভারত ভাগ্য বিধাতা’ সিনেমায় নার্সের চরিত্রে অভিনয় করেন এই অভিনেত্রী। চলতি বছরের জুনে মুক্তি পাওয়া সিনেমাটির গল্প গড়ে উঠেছে ২০০৮ সালের মুম্বাই সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে একদল হাসপাতালকর্মীর সাহসিকতাকে কেন্দ্র করে।

এদিকে কঙ্গনার হাতে রয়েছে আরও কয়েকটি চলচ্চিত্র প্রকল্প। এর মধ্যে আর মাধবনের সঙ্গে অভিনীত ‘সার্কেল’ এবং তার জনপ্রিয় সিনেমা ‘কুইন’-এর সিক্যুয়াল উল্লেখযোগ্য।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

জনপ্রিয়