সোমবার ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১১:৫৪, ১৫ নভেম্বর ২০২৬

‘দ্য ওক রিজ বয়েজ’-এর বেস কণ্ঠশিল্পী মারা গেছেন

‘দ্য ওক রিজ বয়েজ’-এর বেস কণ্ঠশিল্পী মারা গেছেন
ছবিঃ সংগৃহীত

বিশ্বজুড়ে জনপ্রিয় কান্ট্রি সংগীতের দল ‘দ্য ওক রিজ বয়েজ’-এর অন্যতম সদস্য ও বেস কণ্ঠশিল্পী রিচার্ড স্টারবান মারা গেছেন।

শনিবার (১৪ নভেম্বর) যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের হেন্ডারসনভিলে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

ডেডলাইনের প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন এই সংগীতশিল্পী। এর মধ্যে ব্রঙ্কাইটিস ও নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পর তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে।

স্টারবানের মৃত্যুর খবর নিশ্চিত করেছে তার পরিবার ও ব্যান্ডের সদস্যরা। এক বিবৃতিতে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, কঠিন সময়ে যারা ভালোবাসা, সমর্থন ও প্রার্থনা জানিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞ তারা। প্রিয়জনকে হারিয়ে শোকাহত হলেও পরিবারের বিশ্বাস, স্টারবান এখন যিশুর সান্নিধ্যে রয়েছেন।

১৯৪৩ সালের ২৪ এপ্রিল যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ক্যামডেনে জন্ম রিচার্ড স্টারবানের। মাত্র ছয় বছর বয়সে গান গাওয়া শুরু করেন তিনি। সংগীত নিয়ে পড়াশোনা শেষে বিভিন্ন গসপেল সংগীত দলে কাজ করেন। পরে যোগ দেন জে ডি সামনার অ্যান্ড দ্য স্ট্যাম্পস দলে। কিংবদন্তি সংগীতশিল্পী এলভিস প্রিসলির সঙ্গে গান গাওয়ারও সুযোগ হয়েছিল তার। ১৯৭২ সালের ‘এলভিস অন ট্যুর’ চলচ্চিত্রেও দেখা যায় তাকে।

একই বছর ‘দ্য ওক রিজ বয়েজ’-এ যোগ দেন স্টারবান। এরপর পাঁচ দশকেরও বেশি সময় দলটির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। দলটির ইতিহাসে অন্যতম পরিচিত কণ্ঠ হয়ে ওঠেন এই শিল্পী।

১৯৮১ সালে প্রকাশিত ‘এলভিরা’ গানটি ‘দ্য ওক রিজ বয়েজ’-এর ক্যারিয়ারে বড় সাফল্য এনে দেয়। গানটিতে স্টারবানের বেস কণ্ঠ শ্রোতাদের বিশেষভাবে মুগ্ধ করে। গানটি কান্ট্রি সংগীতের তালিকায় শীর্ষস্থান অর্জনের পাশাপাশি পপ চার্টেও পঞ্চম অবস্থানে পৌঁছায়। ২০ লাখের বেশি কপি বিক্রি হওয়া গানটি গ্র্যামি পুরস্কারও জেতে।

২০১২ সালে প্রকাশিত হয় স্টারবানের আত্মজীবনী ‘ফ্রম এলভিস টু এলভিরা: মাই লাইফ অন স্টেজ’। দীর্ঘ সংগীতজীবনের নানা অভিজ্ঞতা উঠে এসেছে বইটিতে। তার প্রয়াণে কান্ট্রি সংগীতজগতে নেমে এসেছে শোকের ছায়া।

জনপ্রিয়