কিংবদন্তি গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান হাসপাতালে
বাংলা গানের ভাণ্ডারে অসংখ্য কালজয়ী সৃষ্টির সংযোজন করেছেন তিনি। তাঁর লেখা গান আজও শ্রোতাদের হৃদয়ে বিশেষ জায়গা দখল করে আছে। দেশের সংগীতাঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন স্বাধীনতা পুরস্কার। সেই বরেণ্য গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। তবে সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় শনিবার (১৪ নভেম্বর) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় তাঁকে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। রোববার (১৫ নভেম্বর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর স্ত্রী জিন্নাত আরা জামান।
তিনি বলেন, ‘ওনার (রফিকউজ্জামান) অবস্থা খুব খারাপ হয়ে গেছে। কিছু মনে রাখতে পারেন না। কথা জড়িয়ে যায়। গত পরশু থেকে শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। গতকাল রাতে প্রচণ্ড পেটব্যথা হচ্ছিল। পরে রাত সাড়ে দশটা এগারোটার দিকে তাঁকে হাসপাতালে নিয়ে যাই।’
স্ত্রী জিন্নাত আরা জামান জানান, কয়েক দিন আগে রফিকউজ্জামানের শারীরিক বিভিন্ন পরীক্ষা করানো হয়েছিল। তবে সেসব পরীক্ষার প্রতিবেদনও আশানুরূপ আসেনি। চিকিৎসকেরা রোববার আলোচনা করে তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে জানাবেন। এ সময় স্বামীর সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
উল্লেখ্য, ১৯৭৩ সাল থেকে চলচ্চিত্রের জন্য গান লেখা শুরু করেন মোহাম্মদ রফিকউজ্জামান। দীর্ঘ সংগীতজীবনে তাঁর কলম থেকে সৃষ্টি হয়েছে অসংখ্য জনপ্রিয় ও কালজয়ী গান। এর মধ্যে রয়েছে ‘সেই রেললাইনের ধারে মেঠো পদ্মার পারে’, ‘বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে গণ্য হলাম’, ‘আমার মতো এতো সুখী’, ‘ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়’, ‘জীবন নামের রেলগাড়িটা’, ‘পদ্ম পাতার পানি নয়’, ‘কিছু কিছু মানুষের জীবনে’ ও ‘মাঠের সবুজ থেকে সূর্যের লাল’।
গানের পাশাপাশি চলচ্চিত্রের চিত্রনাট্য ও কাহিনিও লিখেছেন তিনি। গীতিকার হিসেবে ১৯৮৪ ও ১৯৮৬ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। পরে ২০০৮ সালে শ্রেষ্ঠ কাহিনীকার হিসেবেও এই সম্মাননা পান। সংগীত ও সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৪ সালে তাঁকে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়।



























