নতুন লুকে নজর কাড়লেন সুনেরাহ, মুগ্ধ ভক্তরা
নিজের ফ্যাশন সচেতনতা ও ভিন্নধর্মী সাজে প্রায়ই আলোচনায় থাকেন মডেল ও অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তার উপস্থিতি বেশ সরব। এবার নজর কেড়েছেন নতুন এক ফটোশুটের ছবি প্রকাশ করে। তার আকর্ষণীয় সাজ ও গ্ল্যামারাস লুক ইতোমধ্যে নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে।
সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ফটোশুটের বেশ কয়েকটি ছবি শেয়ার করেন সুনেরাহ। ছবিতে তাকে দেখা গেছে অ্যাশ-পার্পল রঙের আধুনিক নকশার জমকালো শাড়িতে। শাড়ির সঙ্গে পরেছেন ভারী পাথর ও চুমকির কারুকাজ করা হাই-নেক স্লিভলেস ব্লাউজ। কানে ঝুলন্ত পাথরের দুল, হাতে ছোট্ট মানানসই ক্লাচ ব্যাগ আর হালকা ওয়েভি চুলে তার সাজে ফুটে উঠেছে স্নিগ্ধতা ও আভিজাত্যের মিশেল।
ফটোশুটের বিভিন্ন ছবিতে কখনো প্রাণখোলা হাসিতে ক্যামেরাবন্দি হয়েছেন এই অভিনেত্রী, আবার কখনো ধরা দিয়েছেন গম্ভীর ও আভিজাত্যপূর্ণ ভঙ্গিতে। ছবিগুলোর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ইন মাই সেলফ-লাভ এরা’। অর্থাৎ, নিজেকে ভালোবাসার সময় পার করছেন অভিনেত্রী।
সুনেরাহর নতুন ছবিগুলো প্রকাশ্যে আসতেই মন্তব্যের ঘরে ভিড় জমাতে শুরু করেন ভক্ত-অনুরাগীরা। তার পোশাক, সাজসজ্জা ও পুরো লুকের প্রশংসা করেছেন অনেকেই। একজন অনুরাগী মন্তব্য করেছেন, ‘এই চমৎকার পোশাকটি আপনাকে দারুণ মানিয়েছে।’ সব মিলিয়ে নতুন ফটোশুট ঘিরে সামাজিক মাধ্যমে বেশ ইতিবাচক সাড়া পাচ্ছেন তিনি।
উল্লেখ্য, ২০১৯ সালে তানিম রহমান অংশু পরিচালিত ‘ন ডরাই’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান সুনেরাহ বিনতে কামাল। এরপর ‘অন্তর্জাল’, ‘উৎসব’ ও ‘দাগি’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। অভিনয় দক্ষতার জন্য দর্শক-সমালোচকদের প্রশংসা পাওয়ার পাশাপাশি বিভিন্ন পুরস্কারও অর্জন করেছেন এই অভিনেত্রী।



























