শনিবার ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২:৪০, ১৩ নভেম্বর ২০২৬

মারা গেলেন সংগীতশিল্পী শেখ সাহেদ আলী

মারা গেলেন সংগীতশিল্পী শেখ সাহেদ আলী
ছবি: সংগৃহীত

না ফেরার দেশে চলে গেলেন ‘গাছ’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা ও সংগীতশিল্পী শেখ সাহেদ আলী। 

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টা ৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার ভাতিজা সাকির হাসান জামী গণমাধ্যমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, গত ২৪ অক্টোবর থেকে বিভিন্ন শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন সাহেদ আলী। স্ট্রোক, হেপাটাইটিস সি, লিভারের জটিলতা ও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, রাজধানীর গোপীবাগে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

নব্বইয়ের দশক থেকে সংগীতচর্চা করে আসছিলেন শেখ সাহেদ আলী। ‘গাছ’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিতি পাওয়ার পাশাপাশি সংগীতাঙ্গনে ‘রোকযানা’ সাহেদ নামেও পরিচিত ছিলেন তিনি। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘রোকযানা’, ‘উপলব্ধি’, ‘ক্লাসরুমে বসে শেখা’, ‘উটপাখির ডিম’, ‘খোলা চুল’ ও ‘প্রেম আসবেই’।

১৯৯১ সালে প্রকাশিত হয় তার প্রথম অ্যালবাম ‘প্রভু’। এরপর একে একে আরও পাঁচটি অ্যালবাম প্রকাশ করেন তিনি। দীর্ঘ সংগীতজীবনে নিজের স্বতন্ত্র গায়কী ও সৃষ্টিশীলতার মাধ্যমে শ্রোতাদের কাছে জায়গা করে নিয়েছিলেন এই শিল্পী।

এদিকে, অসুস্থতার কারণে থমকে যায় দীর্ঘ ১১ বছরের সাধনায় তৈরি তার ২৪টি নতুন গান প্রকাশের উদ্যোগ। গত ৬ নভেম্বর চারটি সিডি, ক্যাসেট ও ভিনাইল রেকর্ডে গানগুলো প্রকাশের পরিকল্পনা ছিল। 

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়