‘শুধু মা হতে বিয়ের প্রয়োজন নেই’
৪৭ বছরে পা দিতে চলেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাইমা সেন। দীর্ঘ অভিনয়জীবনে নানা চরিত্রে দর্শকের মন জয় করলেও ব্যক্তিজীবনে এখনো বিয়ের বন্ধনে জড়াননি তিনি। বিয়ে নিয়ে তার অনীহা কি ভয়, নাকি মনের মতো কাউকে না পাওয়ার আক্ষেপ—সম্প্রতি এক সাক্ষাৎকারে এ প্রশ্নেরই খোলামেলা উত্তর দিয়েছেন অভিনেত্রী।
পছন্দের হলিউড তারকা টম ক্রুজকে না পাওয়ার কারণেই কি এখনো বিয়ের পিঁড়িতে বসেননি রাইমা—এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী জানান, বিষয়টি নিয়ে তার বোনও প্রায়ই মজা করেন। তবে বিয়ে নিয়ে এখন আর তার মধ্যে তেমন কোনো তাগিদ নেই।
রাইমা বলেন, কলকাতায় তেমন কেউ নেই। আর শহরের বাইরে যাওয়াও তার খুব একটা হয় না। তবে মূল বিষয় হলো, এই বয়সে এসে বিয়ে করার প্রয়োজনীয়তা তিনি অনুভব করছেন না। পাশাপাশি সম্পর্কের সঙ্গে জড়িয়ে পড়া বা অ্যাটাচমেন্ট নিয়েও তার কিছুটা চিন্তা রয়েছে।
মেয়ের বিয়ে নিয়ে একসময় তার মা দুশ্চিন্তা করতেন। তবে এখন পরিস্থিতি বদলেছে। দেশ-দুনিয়ার বর্তমান অবস্থা বিবেচনায় নিয়ে বরং মেয়েকে জোর করে বিয়ে না করার পরামর্শ দেন তিনি।
মায়ের পরামর্শের কথা জানিয়ে রাইমা বলেন, মা এখন বলেন, জোর করে কিছু করার দরকার নেই। ভবিষ্যতে যদি কখনো একাকিত্বে ভোগেন, তখন অনেকগুলো শিশুকে দত্তক নেওয়া যেতে পারে।
তবে ভবিষ্যতে মা হওয়ার ইচ্ছা তৈরি হলে সেই পথও খোলা রেখেছেন অভিনেত্রী। সন্তানদের প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়ে রাইমা বলেন, তিনি বাচ্চাদের ভীষণ ভালোবাসেন। তবে মা হওয়ার পর সবকিছু ঠিকভাবে সামলাতে পারবেন কি না, তা নিয়েও তার ভয় কাজ করে।
অভিনেত্রীর ভাষায়, মনের কথা আগে থেকে বলা যায় না। আজ হয়তো সন্তান নেওয়ার ইচ্ছে নেই, কিন্তু ভবিষ্যতে সেই ইচ্ছা তৈরি হতে পারে। সেই সম্ভাবনার কথা মাথায় রেখেই অনেক আগেই নিজের ডিম্বাণু সংরক্ষণ বা ‘এগ ফ্রিজ’ করিয়ে রেখেছেন তিনি।
একই সঙ্গে একটি বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন রাইমা। তার মতে, শুধু মা হওয়ার জন্য বিয়ে করার প্রয়োজন নেই।
এদিকে রাইমা সেন অভিনীত ‘দ্য একেন : কেরালায় কুরুক্ষেত্র’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন অনির্বাণ চক্রবর্তী। অন্যান্য চরিত্রে দেখা যাবে রাজেশ শর্মা, অম্বরীশ ভট্টাচার্য ও অর্ণ মুখার্জিকে।
সবকিছু ঠিক থাকলে আগামী ১৫ অক্টোবর মুক্তি পাবে সিনেমাটি। ছবিটি পরিচালনা করেছেন জয়দীপ মুখোপাধ্যায়।



























