গ্ল্যামারের চেয়ে যোগ্যতাকে এগিয়ে রাখলেন সোহিনী
সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারীর সংখ্যা কিংবা গ্ল্যামার—অভিনয়শিল্পীদের কাজ পাওয়ার ক্ষেত্রে বর্তমানে এগুলোই কি বেশি গুরুত্ব পাচ্ছে? সিনেপাড়ায় দীর্ঘদিন ধরেই ঘুরেফিরে আসছে এমন প্রশ্ন। বলিউড থেকে টলিউড—যোগ্যতার চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের জনপ্রিয়তাকে প্রাধান্য দেওয়ার অভিযোগও নতুন নয়। এবার সেই বিতর্কে নিজের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার।
অভিনয়জগতে দেড় দশকেরও বেশি সময় ধরে কাজ করছেন সোহিনী। ছোটপর্দা দিয়ে ক্যারিয়ার শুরু করা এই অভিনেত্রী নিজের অভিনয়শৈলী ও বৈচিত্র্যময় চরিত্রের মাধ্যমে ধীরে ধীরে বড়পর্দাতেও শক্ত অবস্থান তৈরি করেছেন। আসন্ন দুর্গাপূজায় মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’। সিনেমাটিতে অভিনেতা যিশু সেনগুপ্তর বিপরীতে অভিনয় করেছেন তিনি। এরই মধ্যে প্রকাশিত ট্রেলারে সোহিনীর উপস্থিতি দর্শকদের মধ্যে তৈরি করেছে আগ্রহ।
সম্প্রতি ইন্ডাস্ট্রিতে নতুন প্রজন্মের শিল্পীদের কাজের সুযোগ এবং অভিনয়শিল্পী বাছাইয়ের বর্তমান প্রবণতা নিয়ে কথা বলেন সোহিনী। নিজের দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে তিনি মনে করেন, অনেক নতুন শিল্পীই প্রয়োজনীয় প্রস্তুতি ছাড়াই অভিনয়জগতে পা রাখছেন।
সোহিনী বলেন, ‘ইন্ডাস্ট্রিতে যারা নতুন কাজ করতে আসছেন, তাদের দেখে অনেক সময় মনে হয় যে তারা পুরোপুরি তৈরি হয়ে আসেননি।’
বর্তমান সময়ের সঙ্গে অতীতের অভিনয়জগতের পার্থক্য তুলে ধরে অভিনেত্রী বলেন, ‘একটা সময় ছিল যখন অভিনেতা-অভিনেত্রীরা রীতিমতো পড়াশোনা করতেন, অথবা দিনের পর দিন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত থেকে কাজ শেখার চেষ্টা করতেন। কিন্তু এখন যার গ্ল্যামার সবথেকে বেশি, সে কাজ পায় বেশি। তবে আমার মনে হয়, শুধুমাত্র গ্ল্যামার দিয়ে ইন্ডাস্ট্রি চলে না।’
শুধু নিজের মতামত প্রকাশ করেই থেমে থাকেননি সোহিনী। নিজের বক্তব্যের উদাহরণ হিসেবে সহ-অভিনেতা যিশু সেনগুপ্তর দীর্ঘ অভিনয়জীবনের কথাও তুলে ধরেন তিনি।
সোহিনীর কথায়, ‘যিশুদা অনেক ছোটবেলা থেকে ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। দীর্ঘদিন অভিজ্ঞতা সঞ্চয় করে আজকে তিনি এই জায়গায় এসে পৌঁছেছেন। তাই আমার মনে হয়, শুধুমাত্র গ্ল্যামার থাকলেই ইন্ডাস্ট্রিতে টিকে থাকা যায় না, আগে দরকার যোগ্যতা।’
সোহিনীর বক্তব্যে স্পষ্ট, সামাজিক যোগাযোগমাধ্যমের জনপ্রিয়তা কিংবা বাহ্যিক গ্ল্যামার সাময়িকভাবে আলোচনায় আনতে পারে, কিন্তু অভিনয়জগতে দীর্ঘস্থায়ী অবস্থান তৈরি করতে প্রয়োজন দক্ষতা, অভিজ্ঞতা ও কাজের প্রতি প্রস্তুতি।



























