‘রূপে আছে নেশা, চোখে ছলনা’
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। নব্বইয়ের দশকে চলচ্চিত্রে যাত্রা শুরু করে দীর্ঘ সময় ধরে দর্শকের ভালোবাসা ধরে রেখেছেন তিনি। সময়ের পরিবর্তনের সঙ্গে নিজের সাজ ও উপস্থাপনায় বৈচিত্র্য এনে এখনও ভক্তদের আলোচনায় রয়েছেন এই অভিনেত্রী।
অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় পূর্ণিমা। প্রায়ই নিজের নানা মুহূর্তের ছবি ভাগ করে নেন ভক্তদের সঙ্গে। এবার একগুচ্ছ নতুন ছবি প্রকাশ করে আবারও আলোচনায় এসেছেন তিনি। তার সৌন্দর্য, মার্জিত পোশাক নির্বাচন ও ফ্যাশন সচেতনতা বরাবরই ভক্তদের আকৃষ্ট করে।
সম্প্রতি প্রকাশিত ছবিগুলোতে পূর্ণিমাকে দেখা গেছে নান্দনিক জামদানি শাড়িতে। খোঁপায় ফুলের মালা আর স্নিগ্ধ সাজে তার পুরো অবয়বেই ফুটে উঠেছে বাঙালি ঐতিহ্যের সৌন্দর্য ও আভিজাত্য। সঙ্গে ছিল মায়াবী অভিব্যক্তি, যা ছবিগুলোকে দিয়েছে বাড়তি আকর্ষণ। ‘রূপে আছে নেশা, চোখে ছলনা’—গানের এই পঙ্ক্তি যেন মানিয়ে গেছে তার সাম্প্রতিক সাজের সঙ্গে।
ছবিগুলো প্রকাশের পরপরই ভক্ত-অনুরাগীদের নজর কাড়ে পূর্ণিমার এই লুক। ক্যাপশনে ‘দম মারো দম’ সিনেমার একটি গানের লাইনও জুড়ে দিয়েছেন তিনি। সেখানে লিখেছেন, ‘পাহাড়ি ফুল আমি মৌরানী হায় কেউ জানে না। রূপে আছে নেশা, চোখে ছলনা।’
প্রিয় অভিনেত্রীর এমন রূপে মুগ্ধ ভক্তরা মন্তব্যের ঘরে প্রশংসা জানিয়েছেন। একজন লিখেছেন, ‘দিন দিন এত সুন্দর হওয়ার রহস্য কী।’ আরেকজনের মন্তব্য, ‘যত দেখি ততবার মায়া পড়ে যায়, আমার ছোটকাল থেকে ক্রাশ ছিল।’
উল্লেখ্য, জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় পূর্ণিমার। ১৯৯৭ সালে মুক্তি পাওয়া সিনেমাটিতে অভিনয়ের সময় তিনি নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। শুরু থেকেই অভিনয়ের পাশাপাশি তার আকর্ষণীয় সৌন্দর্য দর্শকদের দৃষ্টি কাড়ে। পরবর্তী সময়ে ‘মিস ডায়না’ ও ‘কাল্লু মামা’ চলচ্চিত্রে খোলামেলা পোশাকে হাজির হয়েও আলোচনায় আসেন এই অভিনেত্রী। দীর্ঘ অভিনয়জীবনে নানা রূপে দর্শকের সামনে হাজির হলেও পূর্ণিমার জনপ্রিয়তা এখনও অটুট।



























