‘বার্থডে গার্ল’ লুকে অপু বিশ্বাস
জন্মদিনে নতুন সাজে ভক্তদের সামনে হাজির হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। সাদাকালো আবহে তোলা বেশ কিছু আকর্ষণীয় ছবি ফেসবুকে শেয়ার করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। তবে তার স্টাইলিশ ‘বার্থডে গার্ল’ লুক প্রশংসা কুড়ালেও ক্যাপশনে ব্যবহৃত ‘গার্ল’ শব্দটি নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ।
রোববার (১ অক্টোবর) রাতে নিজের ফেসবুক পেজে ছবিগুলো প্রকাশ করেন অপু বিশ্বাস। ছবিতে কেক হাতে বিভিন্ন ভঙ্গিতে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা যায় তাকে। ছবিগুলোর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘বার্থডে গার্ল’।
অপুর জন্মদিন উদযাপন শুরু হয় গত শনিবার দিবাগত মধ্যরাতে, অর্থাৎ রোববারের প্রথম প্রহরে। বিশেষ এই দিনে ছেলে আব্রাম খান জয়ের সঙ্গে কেক কেটে জন্মদিন উদযাপন করেন অভিনেত্রী। সেই কেকের ওপর লেখা ছিল, ‘হ্যাপি বার্থডে মম। আই লাভ ইউ।’
জন্মদিনের আগের দিনও একটি ভিডিও প্রকাশ করে ভক্তদের আগাম বার্তা দিয়েছিলেন অপু। সাদাকালো আবহে তৈরি সেই ভিডিও ও ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘আরও হাসি, শিক্ষা আর ভালোবাসায় ভরে থাকুক এই বছর।’
এদিকে, অপুর ‘বার্থডে গার্ল’ লুক সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে। তার সাজ ও সৌন্দর্যের প্রশংসা করছেন অনেক ভক্ত। তবে ক্যাপশনে ‘গার্ল’ শব্দের ব্যবহার নিয়ে ভিন্নমতও দেখা গেছে। কয়েকজন নেটিজেনের মতে, অপু বিশ্বাস এখন আর ‘গার্ল’ বা বালিকা নন, বরং একজন পরিণত নারী।
এক নেটিজেন মন্তব্য করেছেন, ‘বার্থডে লেডি, নট গার্ল অ্যাকচুয়ালি।’ অর্থাৎ, ‘বার্থডে গার্ল’ নয়, ‘বার্থডে লেডি’ বলাই যথাযথ।
শুধু ক্যাপশন নয়, অপুর পোশাক নিয়েও আলোচনা করেছেন কেউ কেউ। তবে এসব আলোচনার মধ্যেও অধিকাংশ ভক্তই প্রিয় অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি তার রূপ ও স্টাইলের প্রশংসা করে জানিয়েছেন শুভকামনা।



























