বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৮:৩১, ১০ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, একদিনে হাসপাতালে ১,৪৯২

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, একদিনে হাসপাতালে ১,৪৯২
ছবি: সংগৃহীত

দেশে ডেঙ্গুর সংক্রমণ পরিস্থিতির উন্নতি হচ্ছে না। বরং প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ৪৯২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৯ জনে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ছয়জনের মধ্যে খুলনা বিভাগের দুজন। এছাড়া ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে একজন করে মারা গেছেন। চলতি সেপ্টেম্বর মাসে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪২ জনের।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত একদিনে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছেন ৮১ জন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ভর্তি হয়েছেন আরও ১৫১ জন। দুই সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগে নতুন রোগী ভর্তি হয়েছেন ৩২৭ জন।

অন্য বিভাগগুলোর মধ্যে বরিশালে ১৭৮ জন, চট্টগ্রামে ২০২ জন, খুলনায় ২৮৪ জন, ময়মনসিংহে ৮০ জন, রংপুরে ৫৪ জন এবং সিলেট বিভাগে ১৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

সব মিলিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৮ হাজার ৪৩০ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৪ হাজার ৮৫৭ জন।

স্বাস্থ্য অধিদফতর ২০০০ সাল থেকে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর পরিসংখ্যান সংরক্ষণ করে আসছে। দীর্ঘ সময়ের এই হিসাব অনুযায়ী, দেশে ডেঙ্গুর সবচেয়ে ভয়াবহ বছর ছিল ২০২৩ সাল।

ওই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। একই বছর এ রোগে প্রাণ হারান সর্বোচ্চ ১ হাজার ৭০৫ জন।

জনপ্রিয়