কেপ ভার্দেতে বাস খাদে পড়ে ২৫ শিশু-কিশোরের মৃত্যু
পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে শিক্ষা সফর শেষে ফেরার পথে একটি বাস গভীর গিরিখাতে পড়ে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই শিশু ও কিশোর-কিশোরী। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যেও কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
শনিবার গভীর রাতে দেশটির ফোগো দ্বীপে এ দুর্ঘটনা ঘটে। ফোগো দ্বীপের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের প্রধান জোসে কানুতো সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, দুর্ঘটনার শিকার বাসটিতে মোট ৩২ জন যাত্রী ছিলেন। পিকো দো ফোগো আগ্নেয়গিরির মৃত জ্বালামুখের কাছে অবস্থিত চা দাস কালদেইরাস গ্রামে শিক্ষা সফর শেষে সাও ফিলিপ শহরে ফেরার পথে হঠাৎ বাসটি সড়ক থেকে ছিটকে পড়ে গভীর খাদে গিয়ে পড়ে।
জোসে কানুতো জানান, ওই শিক্ষা সফরের আয়োজন করেছিলেন বাসটির চালক নিজেই। প্রতিবছর তিনি নিজের খরচে কয়েকজন স্কুলশিক্ষার্থীকে দেশের বিভিন্ন স্থানে শিক্ষা সফরে নিয়ে যেতেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে দুর্ঘটনায় তিনিও নিহত হয়েছেন।
দুর্ঘটনার পর জরুরি উদ্ধারকারী দলের সদস্যরা রাতভর উদ্ধার অভিযান চালান। দুর্গম ও পাথুরে উপত্যকায় পড়ে যাওয়া বাসটির ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা ব্যক্তিদের উদ্ধারে তাদের দীর্ঘ সময় কাজ করতে হয়।
রোববার ভোরে দুর্ঘটনায় নিহত সাতজনকে দাফন করা হয়েছে। রেড ক্রস অব কেপ ভার্দে (আরসিভি) জানিয়েছে, নিহত অন্যদেরও দিনের পরবর্তী সময়ে দাফন করার কথা রয়েছে।
কেপ ভার্দেতে সড়ক দুর্ঘটনায় এত বড় প্রাণহানির ঘটনা তুলনামূলকভাবে বিরল। দেশটির সড়ক যোগাযোগব্যবস্থা ভালো এবং সাধারণত যানবাহনের রক্ষণাবেক্ষণও যথাযথভাবে করা হয় বলে জানা গেছে।
সূত্র: এএফপি, এনডিটিভি



























