“তরুণদের দক্ষতা ও কর্মসংস্থানে চীনের মডেল অনুসরণ করবে সরকার”
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের তরুণ প্রজন্মের কারিগরি দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে চীনের ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া লিংকেজ’ মডেল অনুসরণ করতে চায় সরকার।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত ‘স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বিটুইন বাংলাদেশ অ্যান্ড চায়না ইন দ্য এডুকেশন সেক্টর’ শীর্ষক এক বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ কথা বলেন।
তিনি বলেন, সম্প্রতি চীন সফরকালে দেশটির শিল্পখাত ও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে অত্যন্ত শক্তিশালী সমন্বয় ব্যবস্থা দেখা গেছে। শিল্পের চাহিদার সঙ্গে শিক্ষাকে সম্পৃক্ত করার এই কার্যকর মডেল বাংলাদেশের শিক্ষা ও দক্ষতা উন্নয়ন ব্যবস্থায় রূপান্তর আনতে সহায়ক হতে পারে।
মন্ত্রী বলেন, চীনের শিক্ষা ব্যবস্থা অত্যন্ত উন্নতমানের। দেশটি বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য বৃত্তি বা স্কলারশিপের সুযোগও প্রদান করছে। ফলে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চীনে উচ্চশিক্ষার নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে।
তিনি আরও বলেন, চীন থেকে বাংলাদেশে আগত ভাষা শিক্ষকদের ভিসা প্রক্রিয়া আরও সহজ করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চীনা ভিসা পাওয়ার প্রক্রিয়াও ইতোমধ্যে অনেক সহজ করা হয়েছে।



























