সোমবার ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৪, ৩০ আগস্ট ২০২৬

আগামী শিক্ষাবর্ষে সারা দেশে চালু হচ্ছে স্কুল ফিডিং

আগামী শিক্ষাবর্ষে সারা দেশে চালু হচ্ছে স্কুল ফিডিং
ছবি: সংগৃহীত

আগামী শিক্ষাবর্ষে দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু করার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

রোববার (৩০ আগস্ট) সকাল ১১টার দিকে রংপুরে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের (পিটিআই) প্রশিক্ষণার্থীদের তৈরি মডেল বিদ্যালয়ের বিভিন্ন প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেছেন, বর্তমানে চলমান পাইলট কর্মসূচির ফলাফল ইতিবাচক হলে ২০২৭ শিক্ষাবর্ষের শুরুতেই সারা দেশে স্কুল ফিডিং কর্মসূচি চালু করা হবে। তবে পাইলট কর্মসূচিতে নতুন কোনো ত্রুটি বা সমস্যা ধরা পড়লে বাস্তবায়নে কিছুটা সময় লাগতে পারে। সে ক্ষেত্রে শিক্ষাবর্ষের শুরুতে না হলেও ২০২৭ সালের মধ্যেই কর্মসূচিটি চালুর চেষ্টা করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, পাইলট কর্মসূচির ফলাফল এখন পর্যন্ত অত্যন্ত ইতিবাচক। আগামীকাল দিনাজপুরে এ কর্মসূচি নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হবে। সেখানে কর্মসূচির বাস্তবায়ন ও ফলাফল নিয়ে আরও বিস্তারিত চিত্র পাওয়া যাবে।

তিনি বলেন, এখন পর্যন্ত যেসব প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে, তাতে আগামী বছর অর্থাৎ ২০২৭ সালের শুরুতেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু করা সম্ভব হবে বলে আমরা আশাবাদী।

শিক্ষার্থীর সংখ্যা কমছে নাকি বাড়ছে—এ বিষয়টিকে বড় উদ্বেগের কারণ হিসেবে দেখছেন না জানিয়ে ববি হাজ্জাজ বলেন, আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রত্যেক শিশু বিদ্যালয়ে যাচ্ছে কি না এবং তারা সঠিকভাবে শিক্ষা লাভ করছে কি না।

তিনি আরও বলেন, শিশুরা কোথায় শিক্ষা নিচ্ছে, সেটি মূল বিষয় নয়। গুরুত্বপূর্ণ হলো, দেশের প্রতিটি শিশু যেন শিক্ষার আওতায় আসে এবং মানসম্মত শিক্ষা লাভের সুযোগ পায়।

জনপ্রিয়