জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন ড. খলিলুর রহমান
জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক কূটনীতির অন্যতম গুরুত্বপূর্ণ এই বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের জন্য একটি নতুন গৌরবময় অধ্যায়ের সূচনা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের সাধারণ পরিষদ হলে আয়োজিত অনুষ্ঠানে তিনি শপথ গ্রহণ করেন।
শপথ গ্রহণের পর দেওয়া বক্তব্যে ড. খলিলুর রহমান বৈশ্বিক সংকট মোকাবিলা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ সাধারণ পরিষদের কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি তাঁর কর্মপরিকল্পনা ও অগ্রাধিকার বিষয়গুলো তুলে ধরেন।
শপথ গ্রহণ শেষে বাংলাদেশ সময় রাত ১টায় অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম প্লেনারি সভায় সভাপতিত্ব করার কথা রয়েছে তাঁর।
১৯৩টি সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই উদ্বোধনী সভার মধ্য দিয়ে অধিবেশনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।



























