হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু আজ
দেশে হামের সংক্রমণ নিয়ে উদ্বেগের মধ্যে আবারও বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) থেকে শুরু হয়ে এ কর্মসূচি চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।
বিশেষ এই ক্যাম্পেইনের আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের হাম-রুবেলার টিকা দেওয়া হবে। পাশাপাশি নিয়মিত টিকাদান কর্মসূচিতে যেসব শিশু কোনো কারণে টিকা নেওয়া থেকে বাদ পড়েছে, তাদেরও এ কর্মসূচির আওতায় আনা হবে।
চিকিৎসকরা বলছেন, শরীরে হাম ও রুবেলার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরিতে টিকা গুরুত্বপূর্ণ। তাই বিশেষ এই কর্মসূচিতে শিশুদের টিকা নিশ্চিত করতে বাবা-মাকে সচেতন ও আন্তরিক হওয়ার পরামর্শ দিয়েছেন তারা।
শিশু বিশেষজ্ঞ ডা. হালিমা বলেন, ৯ থেকে ১৫ মাস বয়সে এমআর ভ্যাকসিনের দুটি ডোজ অবশ্যই নিতে হবে। সরকারের ইপিআই শিডিউল অনুযায়ী নিয়মিত টিকা নেওয়ার পাশাপাশি অতিরিক্ত ডোজটিও নিতে হবে। বাবা-মায়ের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, শিশুদের অবশ্যই টিকাদান কেন্দ্রে নিয়ে আসতে হবে এবং হাম-রুবেলার ভ্যাকসিন দিতে হবে।
বাংলাদেশ শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক মির্জা মোহাম্মদ জিয়াউল ইসলাম বলেন, এবারের কর্মসূচিকে ‘মপআপ প্রোগ্রাম’ বলা হচ্ছে। এর মাধ্যমে যারা টিকা নেওয়া থেকে বাদ পড়েছে, টিকা সম্পর্কে জানত না কিংবা কোনো ধরনের লজিস্টিক সমস্যার কারণে টিকাদান কেন্দ্রে আসতে পারেনি, তাদের টিকার আওতায় আনা হবে।
তিনি বলেন, বাদ পড়ে যাওয়া শিশুদের টিকার আওতায় আনা এই কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ দিক।
এর আগে ইউনিসেফ, গ্যাভি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত সারা দেশে হামের টিকাদান কর্মসূচি পরিচালিত হয়। ওই কর্মসূচিতে ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।



























