শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৩৬, ২৬ সেপ্টেম্বর ২০২৬

কঙ্গোতে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৪

কঙ্গোতে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৪
ছবি: সংগৃহীত

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআর কঙ্গো) সামরিক বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দেশটির সামরিক বাহিনীর কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাও রয়েছেন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোয়াঙ্গো প্রদেশের কেঙ্গেতে এ দুর্ঘটনা ঘটে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কিকউইত থেকে রাজধানী কিনশাসার দিকে যাচ্ছিল বিমানটি। পথে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে কেঙ্গেতে জরুরি অবতরণের চেষ্টা করেন পাইলট। তবে সেখানে কোনো রানওয়ে না থাকায় বিমানটি একটি আবাসিক এলাকায় গিয়ে বিধ্বস্ত হয়।

কোয়াঙ্গো প্রদেশের উপগভর্নর রেমি সাকি বোকিন্ডা বলেন, কেঙ্গেতে কোনো রানওয়ে না থাকায় বিমানটি আবাসিক এলাকায় গিয়ে পড়ে।

কঙ্গোর সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল এফোমি একেনগে ১৪ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিমানে থাকা সবাই মারা গেছেন। নিহতদের মধ্যে ১২ জনের মরদেহ আগুনে এতটাই পুড়ে গেছে যে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পাইলটের মরদেহ বিমানটির বাইরে পাওয়া যায়।

সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতদের মধ্যে কয়েকজন বেসামরিক নাগরিকও ছিলেন। এ ছাড়া দুই জেনারেলের সঙ্গে থাকা সরকারি প্রতিনিধি দলের সদস্য এবং সামরিক বাহিনীর আরও কয়েকজন সদস্য দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।

উপগভর্নর বোকিন্ডাও জানিয়েছেন, নিহতদের অধিকাংশের মরদেহ আগুনে পুড়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা যায়নি।

এদিকে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন মেজর জেনারেল একেনগে।

মধ্য আফ্রিকার খনিজসম্পদে সমৃদ্ধ দেশ ডিআর কঙ্গো দীর্ঘদিন ধরে সংঘাতের মধ্যে রয়েছে। বিশেষ করে রুয়ান্ডার সীমান্তবর্তী পূর্বাঞ্চলে মূল্যবান খনি এলাকার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে বছরের পর বছর ধরে সংঘর্ষ চলছে। গত বছর থেকে দেশটির গুরুত্বপূর্ণ কয়েকটি শহরের নিয়ন্ত্রণ নেওয়া বিদ্রোহী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে আসছে কঙ্গোর সরকারি বাহিনী।

জনপ্রিয়