শনিবার ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১০:২৪, ১৯ অক্টোবর ২০২৬

শিল্পকলা একাডেমি পরিষদ পুনর্গঠন করল সরকার

শিল্পকলা একাডেমি পরিষদ পুনর্গঠন করল সরকার
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ শিল্পকলা একাডেমি পরিষদ পুনর্গঠন করেছে সরকার। বাংলাদেশ শিল্পকলা একাডেমি (সংশোধন) আইন, ২০২৬-এর ৫(১) উপধারা অনুসারে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ১৯ সদস্যের এই পরিষদ গঠন করেছে।

গত ১৭ অক্টোবর ২০২৬ (১ কার্তিক ১৪৩৩) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের শিল্পকলা শাখা থেকে উপসচিব মৌসুমী সরকার রাখী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

পুনর্গঠিত এ পরিষদের সভাপতি হিসেবে রয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বা প্রতিমন্ত্রী এবং সহ-সভাপতি পদে রয়েছেন একই মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বা সচিব।

পরিষদের সদস্যরা হলেন—অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সিনিয়র সচিব বা সচিব (অথবা তার মনোনীত একজন প্রতিনিধি, যিনি কমপক্ষে যুগ্মসচিব পদমর্যাদার), শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব বা সচিব (অথবা তার মনোনীত একজন প্রতিনিধি, যিনি কমপক্ষে যুগ্মসচিব পদমর্যাদার), তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বা সচিব (অথবা তার মনোনীত একজন প্রতিনিধি, যিনি কমপক্ষে যুগ্মসচিব পদমর্যাদার), বাংলা একাডেমির মহাপরিচালক, বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব (শিল্পকলা)।

এছাড়া মনোনীত সদস্যরা হলেন—সুজিত মোস্তফা (বিশিষ্ট সংগীতশিল্পী), অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ (চঞ্চল) (ডিন, চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়), আশরাফ উদ্দিন আহমেদ (উজ্জ্বল) (বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব), হোসেন খান হেলাল (হেলাল খান) (বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব), এ.কে.এম মহসীন (বিশিষ্ট আলোকচিত্র ব্যক্তিত্ব), ফারহানা চৌধুরী বেবী (বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, নৃত্যশিল্পী), ড. নাশিদ কামাল (বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, গবেষণা, প্রকাশনা ও নিউ মিডিয়া), চাষী আশরাফুন্নেছা (আন্নি) (বিশিষ্ট নাট্যচর্চা, অভিনয়, আবৃত্তি ও প্রামাণ্যচিত্র নির্মাণ ব্যক্তিত্ব), সাংমা প্রু জলি (ক্ষুদ্র-নৃগোষ্ঠী সাংস্কৃতিক ব্যক্তিত্ব) এবং শায়রুল কবির খান (উপদেষ্টা সম্পাদক, দৈনিক সময়ের আলো)।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক এই পরিষদের সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ শিল্পকলা একাডেমি (সংশোধন) আইন, ২০২৬-এর ৫(২) উপধারা অনুযায়ী মনোনীত সদস্যরা প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ৩ বছরের জন্য পদে বহাল থাকবেন। তবে শর্ত থাকে যে, কোনো মনোনীত সদস্য সভাপতির উদ্দেশ্যে স্বীয় স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র জমা দিয়ে যেকোনো সময় পদত্যাগ করতে পারবেন। এছাড়া সরকার যেকোনো সময় যেকোনো মনোনীত সদস্যের মনোনয়ন বাতিল করার অধিকার রাখে। পাশাপাশি বিধি মোতাবেক এই পরিষদ পুনর্গঠন বা বাতিলের ক্ষমতাও সরকারের সংরক্ষিত থাকবে।

আইন অনুযায়ী, বাংলাদেশ শিল্পকলা একাডেমি আইন, ১৯৮৯-এর ১২(১) উপধারা অনুসারে গঠিত পরিষদ প্রতি ৩ মাসে কমপক্ষে একবার সভায় মিলিত হবে। সভার তারিখ, সময় ও স্থান পরিষদের সভাপতি নির্ধারণ করবেন।

এই প্রজ্ঞাপন জারির মাধ্যমে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ২০২৫ সালের ২ নভেম্বরের পূর্ববর্তী প্রজ্ঞাপনটি (স্মারক নম্বর: ৪৩.০০.০০০০.১১৬.০৬.০০৭.৯৪ (অংশ), ৩৫৪) বাতিল করা হলো। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সর্বশেষ

জনপ্রিয়