এশিয়া কাপে পাকিস্তানের অধিনায়ক সামাদ
রাইজিং স্টারস এশিয়া কাপের শিরোপা ধরে রাখার মিশন নিয়ে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কাতারে অনুষ্ঠেয় এবারের আসরে পাকিস্তান শাহিনসকে নেতৃত্ব দেবেন আবদুল সামাদ। আগামী ১৯ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত চলবে আট দলের এই টুর্নামেন্ট।
রাইজিং স্টারস এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান। শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়েই দল সাজিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২৩ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত সর্বশেষ ৫০ ওভারের আসরের ফাইনালে ভারত ‘এ’ দলকে ১২৮ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান শাহিনস। এর আগে অনুষ্ঠিত টি-টোয়েন্টি আসরেও ফাইনালে বাংলাদেশ ‘এ’ দলকে সুপার ওভারে হারিয়ে শিরোপা জিতেছিল তারা।
এবারের টুর্নামেন্টে পাকিস্তান রয়েছে ‘বি’ গ্রুপে। গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ ভারত ‘এ’, নেপাল ও সংযুক্ত আরব আমিরাত। আগামী ২০ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে পাকিস্তান শাহিনস। এরপর ২২ নভেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ‘এ’ দল এবং ২৪ নভেম্বর নেপালের মুখোমুখি হবে তারা।
পাকিস্তান শাহিনস: আবদুল সামাদ (অধিনায়ক), আহমেদ দানিয়াল, আকিফ জাভেদ, দানিশ আজিজ, ফারহান ইউসুফ, হায়দার আলী, হাসান নওয়াজ, মাজ সাদাকাত, মোহাম্মদ হাসনাইন, মুহাম্মদ ইমরান রন্ধাওয়া, রোহাইল নাজির, সাদ মাসুদ, শাহজাইব খান, শামিল হোসেন ও সুফিয়ান মুকিম।



























