নিজেকে নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই : ক্যাটরিনা
মা হওয়ার পর শারীরিক পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষের মুখে পড়েছিলেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। গত বছরের নভেম্বরে পুত্রসন্তানের জন্ম দেওয়ার পর থেকেই তার ‘পোস্টপার্টাম বডি’ নিয়ে নেটিজেনদের একাংশের নেতিবাচক মন্তব্য ও ট্রলিং শুরু হয়। এত দিন বিষয়টি নিয়ে নীরব থাকলেও এবার সেই সমালোচনার জবাব দিলেন অভিনেত্রী। জানিয়ে দিলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের মন্তব্য দিয়ে নিজের আত্মসম্মান বিচার করা উচিত নয়।
ক্যাটরিনার পাশে দাঁড়িয়ে সে সময় সরব হয়েছিলেন বলিউডের একাধিক তারকা। সালমান খান, হৃতিক রোশান, সমীরা রেড্ডি ও সৌন্দর্য রজনীকান্তসহ অনেকে অভিনেত্রীর প্রতি সমর্থন জানিয়েছিলেন। তবে এত দিন নিজের শারীরিক পরিবর্তন নিয়ে চলা কটাক্ষের বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি ক্যাটরিনা।
অবশেষে লন্ডনে নিজের প্রসাধনী সংস্থার বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত হয়ে এ বিষয়ে মুখ খুললেন তিনি। সরাসরি কোনো ট্রলারের নাম উল্লেখ না করলেও তার বক্তব্যে সমালোচকদের উদ্দেশে স্পষ্ট বার্তা উঠে এসেছে।
ক্যাটরিনা বলেন, ‘আমার মনে হয়, সোশ্যাল মিডিয়ায় কে কী বলছে বা কী ন্যারেটিভ তৈরি হচ্ছে, সেটা দিয়ে নিজের আত্মসম্মান বিচার করা একেবারেই ভুল। আপনি যদি সবাইকে খুশি করতে যান, তবে নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার ক্ষমতাটাই হারিয়ে ফেলবেন।’
নেতিবাচক মন্তব্যকে গুরুত্ব দিলে নিজের জীবন থমকে যেতে পারে বলেও মনে করেন এই অভিনেত্রী। নিজের মানসিক দৃঢ়তার কথা তুলে ধরে তিনি আরও বলেন, ‘আমাকে নিয়ে আসা প্রতিটি নেতিবাচক মন্তব্যকে যদি আমি পাত্তা দিতাম বা আমার জীবন পরিচালনা করতে দিতাম, তাহলে হয়তো আমি ভয়ে এক জায়গায় স্থির হয়ে যেতাম, জীবনে আর এক পাও এগোতে পারতাম না।’
নিজের প্রতি আস্থা রাখার ওপরও গুরুত্ব দিয়েছেন ক্যাটরিনা। তার মতে, সব সময় অন্যের কাছ থেকে সমর্থন পাওয়ার অপেক্ষায় না থেকে নিজেকেই নিজের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে হবে।
এ প্রসঙ্গে অভিনেত্রীর ভাষ্য, ‘বিশ্ব যখন আপনাকে নিয়ে মাতামাতি করবে না, তখন নিজেকেই নিজের সবচেয়ে বড় সমর্থক ও চিয়ারলিডার হতে হবে। জীবনের প্রতিটি পর্যায় এক রকম হয় না।’
জীবনের প্রতিটি সময় এক রকম কাটে না—এ কথাও মনে করিয়ে দিয়েছেন ক্যাটরিনা। কখনো সবকিছু প্রত্যাশামতো চলবে, আবার কখনো পরিস্থিতি হবে সম্পূর্ণ বিপরীত। একইভাবে, কখনো নিজেকে সেরা মনে হবে, আবার কখনো নিজের সেরা রূপে পৌঁছানোর পথচলা চলতে থাকবে।
ক্যাটরিনা বলেন, ‘কোনো সময় আপনার সব কিছু পারফেক্ট থাকবে, আবার কখনো কোনো কিছুই মনের মতো হবে না। কখনো আপনাকে সেরা দেখাবে, আবার কখনো সেরা রূপ পাওয়ার জার্নিটা চলবে। তাই এই সবকিছুকে হালকাভাবে গ্রহণ করা উচিত, নিজেকে নিয়ে বড্ড বেশি গম্ভীর বা চিন্তিত হওয়ার কিছু নেই।’
অভিনেত্রীর এই বক্তব্যে উঠে এসেছে নিজের প্রতি আত্মবিশ্বাসী থাকা এবং জীবনের পরিবর্তনগুলোকে স্বাভাবিকভাবে গ্রহণ করার বার্তা। সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যের মন্তব্যের চেয়ে নিজের আত্মমর্যাদা ও মানসিক শান্তিকে গুরুত্ব দেওয়ার কথাই মনে করিয়ে দিলেন ক্যাটরিনা।



























