রোববার ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:০৬, ১১ অক্টোবর ২০২৬

বিয়ে নিয়ে কেয়া পায়েলের ভাবনা

বিয়ে নিয়ে কেয়া পায়েলের ভাবনা
ছবি: সংগৃহীত

তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। বিশেষ করে প্রিয় তারকার প্রেম, বিয়ে কিংবা জীবনসঙ্গী নিয়ে ভাবনা জানতে বরাবরই আগ্রহী থাকেন অনুরাগীরা। কখন বিয়ের পিঁড়িতে বসবেন, কেমন মানুষকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেবেন—এমন নানা প্রশ্ন ঘুরপাক খায় ভক্তদের মনে। এবার বিয়ে নিয়ে নিজের ভাবনা ও জীবনসঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে নিজের পছন্দের কথা জানালেন অভিনেত্রী কেয়া পায়েল।

গত জুলাইয়ের মাঝামাঝি সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘হ্যাপিলি ম্যারিড’ লিখে আলোচনায় আসেন চিত্রনায়ক আরিফিন শুভ ও অভিনেত্রী কেয়া পায়েল। তাদের এমন পোস্ট দেখে অনেকেই ধারণা করেছিলেন, হয়তো গোপনে বিয়ে সেরেছেন এই জুটি। তবে পরে জানা যায়, বাস্তবে বিয়ের কোনো ঘোষণা নয়, বরং পর্দার নতুন গল্পের প্রচারেই এমন বার্তা দিয়েছিলেন তারা।

সম্প্রতি রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরের সিভিক অডিটোরিয়ামে ‘হ্যাপিলি ম্যারিড’-এর প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। সেখানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বিয়ে নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন কেয়া পায়েল। তার মতে, দাম্পত্য সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিশ্বাস ও পারস্পরিক সম্মান। জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে কোনো ব্যক্তির জেলা বা বাহ্যিক পরিচয়ের চেয়ে তার ব্যক্তিত্ব ও মানুষ হিসেবে কেমন, সেটিই বেশি গুরুত্ব পায়।

বিয়ে নিয়ে নিজের ভাবনা জানিয়ে কেয়া পায়েল বলেন, ‘সম্পর্কে সবচেয়ে বড় দরকার হলো বিশ্বাস, দুইজন মানুষের মধ্যে সম্মান। জেলা দেখে বিয়ে করবো না মানুষ দেখে বিয়ে করবো। বিয়ে নিয়ে এতো কিছু ভাবি না, শুধু এটাই ভাবি যে একজন মানুষকে চায় যাকে নিয়ে সারাটা জীবন একসাথে থাকতে পারি।’

প্রসঙ্গত, ছবিয়াল সহ-প্রযোজিত ও চরকি প্রযোজিত ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রকল্পের আওতায় নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘হ্যাপিলি ম্যারিড’। জাহিদ প্রীতম পরিচালিত চরকি অরিজিনাল সিনেমাটি আগামী ৭ অক্টোবর রাত ১২টায়, অর্থাৎ ৮ অক্টোবর ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে। মুক্তির তারিখ ঘোষণার পর থেকেই ছবিটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

জনপ্রিয়