বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:১৬, ১৪ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রে হারিকেন ইসাইয়াসের তাণ্ডব, নিহত ৮

যুক্তরাষ্ট্রে হারিকেন ইসাইয়াসের তাণ্ডব, নিহত ৮
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ও আলাবামা অঙ্গরাজ্যে হারিকেন ইসাইয়াসের প্রভাবে সৃষ্ট ঝড় ও বন্যায় অন্তত আটজনের প্রাণহানি হয়েছে। এতে বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।

বুধবার (১৪ অক্টোবর) সংবাদমাধ্যম ওয়েদারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ঝড় ও বন্যায় ফ্লোরিডায় ছয়জন এবং আলাবামায় দুজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের উপসাগরীয় উপকূলীয় অঞ্চলে প্রবল বাতাস, ভারী বৃষ্টিপাত ও বন্যার কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস জানিয়েছেন, অতীতে কয়েকটি ঝড়ে প্রাণহানির সংখ্যা আরও বেশি ছিল। এবার বাসিন্দাদের সতর্কতা এবং স্থানীয় প্রশাসনের সচেতনতামূলক কার্যক্রম পরিস্থিতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে তিনি মনে করেন।

গভর্নর আরও জানান, ফ্লোরিডায় ঝড়ের সরাসরি আঘাতে যেমন প্রাণহানি ঘটেছে, তেমনি ঝড়-পরবর্তী নানা পরিস্থিতিও মৃত্যুর কারণ হয়েছে।

এসকাম্বিয়া কাউন্টিতে ঝড়ের সময় একটি গাছ ভেঙে বাড়ির ওপর পড়লে এক নারীর মৃত্যু হয়। অন্যদিকে, পেনসাকোলায় জেনারেটর থেকে নির্গত কার্বন মনোক্সাইড গ্যাসে বিষক্রিয়ায় প্রাণ হারান এক ব্যক্তি। এ ঘটনায় তার পরিবারের আরও চার সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ছাড়া গাছ অপসারণের সময় দুর্ঘটনা, ট্রাফিক সিগন্যাল অচল থাকায় সড়ক দুর্ঘটনা এবং চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার ঘটনাতেও প্রাণহানি ঘটেছে। এসব ঘটনায় ফ্লোরিডায় ঝড়-সংশ্লিষ্ট মৃত্যুর সংখ্যা বেড়ে ছয়ে দাঁড়িয়েছে।

আলাবামার বার্মিংহামে শনিবার সকালে একটি গাছ বাড়ির ওপর ভেঙে পড়লে একজনের মৃত্যু হয়। এ ছাড়া অঙ্গরাজ্যটির গভর্নর কে আইভি জেফারসন কাউন্টিতে আরও একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ওই ব্যক্তির মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

জনপ্রিয়